প্রগতি ত্রিপুরা, 4 নভেম্বর, ২০২৫:। উদয়পুর শহরে ফের দুঃসাহসিক চুরির ঘটনা। গীত ভারতী পাড়ার বাসিন্দা চন্দন সাহার বাড়িতে মঙ্গলবার ঘটে গেল এই চাঞ্চল্যকর চুরি।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা যায়, মঙ্গলবার সকাল প্রায় এগারোটা নাগাদ বাড়ির কর্তা চন্দন সাহা নিজের ব্যবসায়িক কাজে দোকানে যান।
অপরদিকে, ওনার স্ত্রী পাপ্পু মজুমদার, যিনি পেশায় শিক্ষিকা, সেদিন প্রতিদিনের মতো উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলে উপস্থিত ছিলেন।
বাড়ির ছোট মেয়ে তখন বিদ্যালয়ে। ফলে সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে বাড়িটি সম্পূর্ণ ফাঁকা ছিল। এই সুযোগে চোরের দল বাড়িতে হানা দেয়।
চোরেরা বাড়ির একাধিক ঘরে তছনছ চালিয়ে সমস্ত আলমিরা ভেঙে ফেলে। অভিযোগ, তারা ক্যাশবাক্স থেকে প্রায় নগদ ১৬ হাজার টাকা নিয়ে যায়।
এছাড়াও বাড়িতে থাকা স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রীও চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তবে চুরি হওয়া স্বর্ণালংকারের সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করতে পারেননি বাড়ির মালিক চন্দন সাহা।
ঘটনার খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চুরির সময় ও পদ্ধতি দেখে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত ঘটনা।
চোরেরা সম্ভবত বাড়ির আশপাশ পর্যবেক্ষণ করে সুযোগ বুঝে চুরির ছক কষেছিল। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা দিনের বেলায় এভাবে চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন।
পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং চোরের সন্ধানে তৎপরতা জোরদার করেছে।







