প্রগতি ত্রিপুরা, ৩১ অক্টোবর, ২০২৫: দেশের লৌহ পুরুষ হিসেবে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল বলতেন একতা একটি জাতির শক্তির মূল উৎস। সর্দার প্যাটেল নানা কঠিন পরিস্থিতির মধ্যেও দেশ যাতে ঐক্যবদ্ধ থাকে সেই প্রচেষ্টা করে গেছেন।
তাঁর এই আদর্শকে পাথেয় করে যেকোন মূল্যে দেশের একতাকে বজায় রাখতে হবে। আজ অরুন্ধতিনগরস্থিত পুলিশ লাইনের মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে ত্রিপুরা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে আয়োজিত রাজ্যভিত্তিক প্যারেড অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায় একথা বলেন।
তিনি বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল বলতেন দেশের মানুষের হৃদয়ে ঐক্যের বার্তা পৌঁছে দিতে হবে। আজও এই বার্তা সমান প্রাসঙ্গিক। শান্তি সম্প্রীতি বজায় রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেই রাষ্ট্রীয় একতা দিবস পালনের সার্থকতা আসবে।
তিনি বলেন, আগামী প্রজন্মের কাছে ঐক্যের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সারা দেশের সাথে রাজ্যেও রাষ্ট্রীয় একতা দিবস কর্মসূচি পালনের অঙ্গ হিসেবে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের এডিজি জি এস রাও। ত্রিপুরা পুলিশ, বিএসএফ, টিএসআর’র বিভিন্ন ব্যাটেলিয়ান, ট্রাফিক পুলিশ, মহিলা পুলিশ ও হোমগার্ড বাহিনী প্যারেডে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়।








