প্রগতি ত্রিপুরা, ৩০ অক্টোবর, ২০২৫:। সিমনা বিধানসভার অন্তর্গত তুইসিন্তা এলাকাকে পর্যটনের মানচিত্রে নিয়ে আসার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ-এ (পিপিপি) এই এলাকার উন্নয়নের লক্ষ্যে কাজ করা হচ্ছে। আজ মোহনপুর মহকুমার হেজামারাস্থিত সুরেন্দ্রনগর ইংলিশ মিডিয়াম উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মাঠে রাজ্যভিত্তিক বন্যপ্রাণী সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন করে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা একথা বলেন।
তিনি বলেন, তুইসিন্তা এলাকায় একটি বেসরকারি সংস্থা পর্যটনের উন্নয়নের লক্ষ্যে ৪০ কোটি টাকা ব্যয় করবে। সেখানে একটি রিসর্ট গড়ে তোলা হবে।
আগামী দিনে এলাকায় ইকো ট্যুরিজম গড়ে তোলার লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হবে। বনমন্ত্রী বলেন, তেলিয়ামুড়ায় প্রজেক্ট এলিফেন্ট গড়ে তোলার জন্য ৯৮ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে।
আগামীদিনে এই প্রকল্পের জন্য আরও অর্থ বরাদ্দ করা হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা বলেন, মানুষের মতোই বন্য প্রাণীদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বন্য প্রাণীরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। তাই যেকোন মূল্যে বন্য প্রাণীদের আমাদের রক্ষা করতে হবে। সভ্যতার অস্তিত্ব বজায় রাখার স্বার্থে এবিষয়ে সবাইকে উদ্যোগ নিতে হবে।
স্বাগত বক্তব্য রাখেন পিসিসিএফ চৈতন্য মূর্তি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেজামারা বিএসি’র চেয়ারম্যান সুনীল দেববর্মা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্য (শিক্ষা) রবীন্দ্র দেববর্মা, পিসিসিএফ ও এইচওএফএফ আর কে শ্যামল, বন দপ্তরের স্ক্যাটফর্ম প্রজেক্টের সিইও এবং পিডি পি এল আগরওয়াল, সিসিএফ (টেরিটোরিয়াল) কে শশীকুমার, সিএফ (ওয়াইন্ড লাইফ এন্ড ইকো ট্যুরিজম) আর অরুণ কুমার প্রমুখ।
অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এবং স্বসহায়ক গোষ্ঠীর পক্ষ থেকে ২৪টি স্টল খোলা হয়। অনুষ্ঠানে জনসাধারণের মধ্যে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।








