অনলাইন ডেস্ক,১৭ অক্টোবর, ২০২৫: রাজ্যের জনজাতি অংশের মানুষের প্রায় হারিয়ে যাওয়া সংস্কৃতিকে পুনরায় তুলে ধরার জন্য রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে। জনজাতিদের সংস্কৃতির প্রচার ও প্রসারের জন্য ইএমআরএস সাংস্কৃতিক, সাহিত্য ও কলা উৎসবের আয়োজন করা হচ্ছে। এধরণের অনুষ্ঠানের মাধ্যমে জনজাতিদের নবীন প্রজন্ম তাদের নিজস্ব সংস্কৃতির প্রতি আরও বেশি করে আকৃষ্ট হবে।
আজ আগরতলা টাউনহলে দু’দিনব্যাপী ষষ্ঠ রাজ্যভিত্তিক ইএমআরএস সাংস্কৃতিক, সাহিত্য ও কলা উৎসবের উদ্বোধন করে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা একথা বলেন। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডেও ছেলেমেয়েদের উৎসাহিত করতে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
জনজাতি কল্যাণ দপ্তরের অন্তর্গত ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার রেসিডেন্সিয়াল এডুকেশনাল ইনস্টিটিউশনস সোসাইটির অধীনে রাজ্যের ১২টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল বিদ্যালয়ে প্রায় ৪০০ জন ছাত্রছাত্রী এই উৎসবে এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার মধ্যে রয়েছে একক এবং সমবেত নৃত্য, গান, যন্ত্র সংগীত এবং হিন্দি ও ইংরেজীতে জনজাতি লোক কাহিনীর উপর ভিত্তি করে গল্প বলার প্রতিযোগিতা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনজাতি কল্যাণ দপ্তরের যুগ্ম অধিকর্তা সুমিত্রা দেবনাথ। উপস্থিত ছিলেন উপ অধিকর্তা দেবী হালাম সহ ইএমআরএস বিদ্যালয়গুলি থেকে আসা প্রিন্সিপাল ও শিক্ষক-শিক্ষিকাগণ।








