পারিবারিক বিবাদের জেরে স্ত্রী এবং পুত্রবধূর উপর প্রাণঘাতী হামলা চালানো অভিযুক্তের মৃতদেহ উদ্ধার জঙ্গলে!

প্রগতি ত্রিপুরা, ১০ অক্টোবর, ২০২৫। সোনামুড়া থানাধীন পশ্চিম দুর্লভ নারায়ন আমলকিমুড়া এলাকায় পারিবারিক বিবাদের জেরে স্ত্রী ও পুত্রবধূকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়া অভিযুক্ত নুরুল ইসলামের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল নুরুল ইসলাম পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে তার স্ত্রী খুসনেহারা বেগম ও পুত্রবধূকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

আহত দু’জন বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন।আজ (শুক্রবার) সকাল আনুমানিক সাতটার সময় বদদোয়াল ১ নম্বর ওয়ার্ড এলাকায় একটি রাবার বাগান থেকে নুরুল ইসলামের মৃতদেহ উদ্ধার হয়।

স্থানীয় বাসিন্দা রুহুলামিন ইসলাম গাছ কাটতে গিয়ে মৃতদেহটি প্রথম দেখতে পান। তিনি জানান, মৃতদেহটি মাটিতে পড়ে ছিল এবং গলায় রশি বাঁধা ছিল।

এরপর খবর দেওয়া হয় এলাকাবাসী ও পুলিশকে।খবর পেয়ে সোনামুড়া থানার এসআই শুভঙ্কর দেববর্মা ও অন্যান্য পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

পরবর্তীতে সোনামুড়া থানার ওসি তাপস দাস ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠাই।প্রাথমিক ধারণা, নুরুল ইসলাম আত্মহত্যা করেছেন।

তবে মৃতের ভাইয়ের দাবি, এটি আত্মহত্যা নয়। নুরুল ইসলামকে খুন করা হয়েছে। তবে এলাকাবাসী প্রশাসনের কাছে দাবি জানাই সুষ্ঠু তদন্ত করা হোক।

ওসি তাপস দাস জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত চলছে।”

Leave a Comment