বড়জলা উচ্চ মাধ্যমিক স্কুলে চোরের হানা, নিয়ে যায় অসংখ্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র

প্রগতি ত্রিপুরা, ০৯ অক্টোবর,২০২৫: : দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়েছে রাজধানীর বড়জলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। বৃহস্পতিবার ছুটি কাটিয়ে শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে এসে দেখতে পায় বিদ্যালয়ে থাবা বসিয়েছে চোরের দল।

বিদ্যালয়ের কম্পিউটারের সিপিও, বিদ্যুতিক পাখা, বিদ্যুতিক তার এবং বিজ্ঞান ল্যাবের বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায় চোরেরদল। সাথে সাথে খবর দেওয়া হয় রামনগর ফাঁড়ির পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দীপ্তি দেববর্মা জানান, ৮ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা এবং লক্ষ্মীপূজা উপলক্ষে বিদ্যালয় ছুটি ছিল। আজ বিদ্যালয়ে এসে শিক্ষক শিক্ষিকারা লক্ষ্য করেন চুরি হয়েছে।

তারপর তিনি নিজে ছুটে এসে দেখেন বিদ্যালয়ের ফিজিক্স ল্যাব থেকে অপটিক্যাল বেঞ্চ, মাইক্রোস্কোপ, মিটার ব্রীজ সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে গেছে এবং কিছু সরঞ্জাম ভেঙে গেছে।

শুধু তাই নয় বিদ্যালয়ের মিড ডে মিলের পক্ষ থেকে আটটি রান্নার সিলিন্ডার সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে গেছে। পাশাপাশি গোটা বিদ্যালয়ের বিদ্যুতিক লাইন ছিন্ন করে দেয় চোরেরা।

বিদ্যালয়ে ভাঙচুর করেছে চেয়ার টেবিল সহ অন্যান্য সরঞ্জাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আরো জানান, বহুবার পরিচালন কমিটি এবং শিক্ষা দপ্তরের উদ্বোধন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছিল। কিন্তু এরই মধ্যে দুর্গাপূজার ছুটিতে থাবা বসিয়েছে চোরের দল।

Leave a Comment