অনলাইন ডেস্ক, ০৭ অক্টোবর, ২০২৫: সারা দেশের সঙ্গে ত্রিপুরায়ও গত ১ জুলাই, ২০২৫ থেকে ৯০ দিনের ‘মেডিয়েশন ফর দ্য নেশন’ এক বিশেষ অভিযান কর্মসূচি শুরু হয়েছিল।
সুপ্রিমকোর্টের বিচারপতি, জাতীয় আইন পরিষেবা কর্তৃপক্ষের এগজিকিউটিভ চেয়ারম্যান এবং মেডিয়েশন অ্যান্ড কনসিলিয়েশন প্রজেক্ট কমিটির চেয়ারম্যান এই বিশেষ অভিযানের সূচনা করেন।
এই বিশেষ অভিযানে মেডিয়েশনের মাধ্যমে রাজ্যে মোট ১৬৯টি মামলার নিষ্পত্তি করা হয়েছে। এজন্য ত্রিপুরা হাইকোর্ট সহ রাজ্যের ৮টি জেলায় মোট ৯টি মেডিয়েশন সেন্টার খোলা হয়েছিল।
এই অভিযানকে প্রচার ও প্রসার করার লক্ষ্যে ত্রিপুরা রাজ্য আইন পরিষেবা কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এরমধ্যে ছিল প্রতিটি জেলায় র্যালির আয়োজন এবং লিফলেট বিতরণ। মেডিয়েশন হলো বিবাদ নিষ্পত্তি করার একটি বিকল্প ব্যবস্থা।
এর মাধ্যমে উভয় পক্ষকে একই টেবিলে বসিয়ে মধ্যস্থতাকারীর মাধ্যমে বিবাদ মীমাংসা করা হয়ে থাকে। যে সমস্ত মামলাগুলির মেডিয়েশনের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে এরমধ্যে উল্লেখযোগ্য হল- বিবাহ সংক্রান্ত বিবাদ, দুর্ঘটনার ক্ষতিপূরণ দাবি, গার্হস্থ্য হিংসার মামলা, চেক বাউন্স, ব্যবসায়িক বিবাদ, কর্মসংস্থান সংক্রান্ত বিষয়, অপরাধিক ক্ষতিপূরণযোগ্য মামলা, উপভোক্তা সংক্রান্ত বিবাদ, ঋণ আদায়, সম্পত্তি বণ্টন, উচ্ছেদমূলক মামলা, ভূমি দখল এবং অন্যান্য মামলার বিষয়ে মধ্যস্থতা করা হয়।
এই বিশেষ অভিযানের সময় রাজ্যের বিভিন্ন আদালত থেকে মোট ১৬০৭টি মামলা মেডিয়েশন সেন্টারে পাঠানো হয়েছিল। এরমধ্যে ১৬৯টি মামলার নিষ্পত্তি করা হয়েছে।
এরমধ্যে ত্রিপুরা হাইকোর্টের মেডিয়েশন সেন্টারে ৪টি মামলা, দক্ষিণ ত্রিপুরা জেলার মেডিয়েশন সেন্টারে ২৪টি মামলা, ধলাই জেলার মেডিয়েশন সেন্টারে ১১টি মামলা, পশ্চিম ত্রিপুরা জেলার মেডিয়েশন সেন্টারে ৩৩টি মামলা, উনকোটি জেলার মেডিয়েশন সেন্টারে ১২টি মামলা, খোয়াই জেলার মেডিয়েশন সেন্টারে ১০টি মামলা, উত্তর ত্রিপুরা জেলার মেডিয়েশন সেন্টারে ১৭টি মামলা, সিপাহীজলা জেলার মেডিয়েশন সেন্টারে ৭টি মামলা এবং গোমতী জেলার মেডিয়েশন সেন্টারে ৫১টি মামলার নিষ্পত্তি করা হয়েছে।
রাজ্য আইন পরিষেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী এই অভিযানকে সাফল্যমন্ডিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ত্রিপুরা রাজ্য আইন পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।








