অনলাইন ডেস্ক,২৪ সেপ্টেম্বর, ২০২৫: সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে আজ দুপুর ১২টায় ত্রিপুরার সমস্ত বিদ্যালয়ে পালিত হল “এক দিন, এক ঘন্টা, একসাথে কর্মসূচি। শিক্ষা মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী এ বছরের স্বচ্ছতা হি সেবা (SHS) অভিযান-২০২৫ এর মূল প্রতিপাদ্য ‘স্বচ্ছোৎসব”। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচি আগামী ২ অক্টোবর পর্যন্ত চলবে এবং মহাত্মা গান্ধীর জয়ন্তীতে স্বচ্ছ ভারত দিবস পালনের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটবে।
আজকের এই বিশেষ উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং বিদ্যালয় পরিচালন সমিতির (SMC) সদস্যরা বিদ্যালয় ও আশেপাশের পরিবেশে এক ঘন্টার নিবিড় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
রাজ্যের বিভিন্ন জেলা শিক্ষা আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী, আজকের কর্মসূচিতে রাজ্যের প্রায় পাঁচ লক্ষাধিক ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, যা এক অভিনব নজির স্থাপন করেছে। প্রত্যেক জেলার বিদ্যালয় চত্বরে দেখা গেছে অসামান্য উৎসাহ ও আত্মনিবেদনের ছবি। শিক্ষার্থীরা আনন্দ ও উদ্দীপনার সঙ্গে পরিচ্ছন্নতার কাজে হাত লাগিয়ে স্বাস্থ্য, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধের বার্তা ছড়িয়ে দিয়েছে।
স্বচ্ছতা হি সেবা অভিযান-২০২৫ এর অন্তর্ভুক্ত এই ব্যাপক কর্মসূচি বিদ্যালয়গুলিকে কেবলমাত্র পরিচ্ছন্ন ও প্রাণবন্ত করে তোলেনি, বরং সবার মধ্যে আবারও স্মরণ করিয়ে দিয়েছে যে পরিচ্ছন্নতা আমাদের সবার যৌথ দায়িত্ব। আজকের এই সফল উদ্যোগ ভারতের একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ভবিষ্যৎ নির্মাণে ত্রিপুরার অঙ্গীকারকে আরও দৃঢ় করল। বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে।








