অনলাইন ডেস্ক, ১৯ সেপ্টেম্বর, ২০২৫: খোয়াই জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে মেগা আইনি পরিষেবা শিবিরের আয়োজন উপলক্ষে গতকাল এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
খোয়াই জেলা সেশন জর্জ কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন খোয়াই জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক অর্পিতা দেববর্মা।
সভায় উপস্থিত ছিলেন খোয়াই জেলা সেশন জর্জ ভি পি দেববর্মা, তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী, খোয়াই মহকুমা শাসক কার্যালয়ের ডিসি কিশোর দেববর্মা সহ খোয়াই, পদ্মবিল, কল্যাণপুর, মুঙ্গিয়াকামি, তেলিয়ামুড়া ও তুলাশিখর ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিগণ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য, সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা, বন, মৎস্য, কৃষি, উদ্যান, প্রাণীসম্পদ, বিকাশ, অগ্নিনির্বাপক, শ্রম, তথ্য ও সংস্কৃতি, শিক্ষা, আরক্ষা প্রভৃতি দপ্তরের আধিকারিকগণ। সভায় সিদ্ধান্ত হয় যে, আগামী নভেম্বর মাসে কল্যাণপুর ব্লকের অন্তর্গত কল্যাণপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মেগা আইনি পরিষেবা শিবির অনুষ্ঠিত হবে।
এই শিবিরে সুবিধাভোগীদের এসটি, এসসি, ওবিসি, পিআরটিসি, জন্ম ও মৃত্যু, বিবাহ নিবন্ধীকরণ এবং ইনকাম শংসাপত্র প্রদান করা হবে। পাশাপাশি এসব শংসাপত্রের জন্য আবেদনপত্র সংগ্রহ করা হবে।
এছাড়া স্বাস্থ্য শিবিরের আয়োজন সহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে সুবিধাভোগীদের বিভিন্ন সরকারি সুবিধা প্রদান করা হবে এবং স্থানীয় জনগণকে সরকারি বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প ও স্কিম সম্বন্ধে সচেতন করা হবে।
সভায় আলোচনায় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক অর্পিতা দেববর্মা বলেন, শিবিরকে সাফল্যমন্ডিত করতে উপস্থিত সকল দপ্তরের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
সরকারি প্রকল্পগুলির সুবিধা প্রকৃত সুবিধাভোগীরা যাতে যথাযথভাবে পান, তার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের উদ্যোগ নিতে অনুরোধ জানান তিনি।







