তেলিয়ামুড়ায় বসে আঁকো প্রতিযোগিতা, সাংস্কৃতিক কর্মসূচিতে মুখর রাজদূত ক্লাব

প্রগতি ত্রিপুরা, ১৪ই সেপ্টেম্বর ২০২৫: আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে তেলিয়ামুড়া শহরের বনেদি ও প্রাচীন ক্লাবগুলির অন্যতম রাজদূত ক্লাব বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি হাতে নিয়েছে।

তার অঙ্গ হিসেবে রবিবার ক্লাবের উদ্যোগে তেলিয়ামুড়া চৈতন্য আশ্রম প্রাঙ্গনে কচিকাঁচা ছাত্রছাত্রীদের জন্য বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আজকের এই প্রতিযোগিতায় শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিজেদের প্রতিভা তুলে ধরেছে।

অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয় নিয়ে সুন্দর আঁকায় তাদের দক্ষতা প্রদর্শন করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজদূত ক্লাবের সভাপতি তথা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, সহ সভাপতি নৃপেন্দ্র দেব, সহ সম্পাদক সৌরভ পোদ্দার, পূজা কমিটির সম্পাদক ইন্দ্রজিৎ দাস সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

তাঁরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করেন এবং ভবিষ্যৎ উন্নয়নের জন্য শুভকামনা জানান।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, পূজাকে সামনে রেখে আগামী দিনগুলোতে এবং পূজার দিনগুলোতেও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি অব্যাহত থাকবে। এর মধ্যে রয়েছে সাফাই অভিযান, সাংস্কৃতিক সন্ধ্যা সহ আরো নানাবিধ কর্মসূচি।

রাজদূত ক্লাবের এই উদ্যোগ তেলিয়ামুড়ার সাংস্কৃতিক ও সামাজিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন প্রজন্মের মধ্যে আগ্রহ বাড়াবে বলে মনে করছেন উপস্থিত অতিথিরা।

Leave a Comment