রাজ্য সরকার রাজ্যের যুবক যুবতীদের দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করছে: সমবায়মন্ত্রী

অনলাইন ডেস্ক, ১৬ জুলাই, ২০২৫: দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে এবং দক্ষতা উন্নয়ন দপ্তরের সহযোগিতায় আজ থেকে বিলোনীয়ার শচীন দেববর্মণ অডিটোরিয়াম কমপ্লেক্সে শুরু হয়েছে দু’দিন ব্যাপী ফুড ফেস্টিভেল।

এই উৎসবের উদ্বোধন করে সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, বর্তমানে সারা বিশ্বে অর্থনৈতিক অবস্থার নিরিখে আমাদের দেশের অবস্থান চতুর্থ স্থানে রয়েছে।

এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টার ফলে। সরকার স্বাবলম্বন গোষ্ঠীগুলিকে সহজ শর্তে ঋণ দিচ্ছে এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও করছে, যার ফলে গ্রামীণ অর্থনীতি মজবুত হচ্ছে।

আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ অর্থনীতি বিরাট ভূমিকা পালন করে চলছে। তিনি আরও বলেন, রাজ্য সরকার রাজ্যের যুবক যুবতীদের দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করছে যাতে তারা আত্মনির্ভর হতে পারে।

তিনি আশা প্রকাশ করেন এই ফুড ফেস্টিভেল অনেক যুবক যুবতীকে আত্মনির্ভর হতে উৎসাহিত করবে। এই ধরনের ফুড ফেস্টিভেলকে ব্লক এবং মহকুমা স্তরেও আয়োজন করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিধায়ক স্বপ্না মজুমদার এবং দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত তাদের বক্তব্যে এই ধরনের উৎসব আয়োজনের জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এবং জনগণকে এর সুযোগ গ্রহণের আবেদন রাখেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ ত্রিপুরার পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ সি এবং দক্ষতা উন্নয়ন দপ্তরের অধিকর্তা প্রদীপ কে। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মাইলাফু মগ, অতিরিক্ত জেলাশাসক হেমন্ত দেববর্মা প্রমুখ।

সভাপতিত্ব করেন বিলোনীয়া পুরপরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র মজুমদার। স্বাগত ভাষণ রাখেন জেলাশাসক ও সমাহর্তা মহ; সাজ্জাদ পি।

এই ফুড ফেস্টিভেলে উত্তর ভারতীয়, দক্ষিণ ভারতীয়, চাইনিজ ও ত্রিপুরার ঐতিহ্যগত খাবারের মোট ২০টি স্টল ও বিভিন্ন দপ্তরের ৯টি স্টল রয়েছে। উল্লেখ্য, জেলা প্রশাসন ও দক্ষতা উন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে জেলার ৬০ জন পুরুষ ও মহিলাকে বিভিন্ন খাদ্য রান্নার উপর এক মাসের প্রশিক্ষণ দেওয়া হয়।

এই প্রশিক্ষণপ্রাপ্তরা বিভিন্ন সুস্বাদু খাবার তৈরি করে এই মেলায় বিক্রি করবে স্বল্প মূল্যে। বিভিন্ন খাবারের পাশাপাশি থাকছে বিনোদনমূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন মেলা চলবে বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত।

Leave a Comment