অনলাইন ডেস্ক, ০৭ জুলাই, ২০২৫: আসন্ন ২০২৬ সালের ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির জনজাতি মোর্চা তাদের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করার উদ্যোগ নিয়েছে।
এই উদ্দেশ্যে বিজেপি খোয়াই জেলা জনজাতি মোর্চার উদ্যোগে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট কমিউনিটি হলে এক বিশেষ সাংগঠনিক সভার আয়োজন করা হয় বৃহস্পতিবার।
এদিনের এই সাংগঠনিক এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী শবিকাশ দেববর্মা। সভায় এছাড়া ও উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ জনজাতি মোর্চার রাজ্য সহ-সভাপতি বিদ্যুৎ দেববর্মা এবং খোয়াই জেলার বিজেপি জনজাতি মোর্চার বিভিন্ন নেতৃত্ববৃন্দ।
এই সভায় মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, ২০২৬ সালের এডিসি নির্বাচনে বিরোধী দল একটি আসনেও জয়ী হতে পারবে না—এই বিশ্বাস আমাদের রয়েছে। তবে সেই লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের সাংগঠনিক ভিত্তিকে আরও দৃঢ় করতে হবে। প্রত্যেক কর্মীকে মাঠে নামতে হবে, জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তুলতে হবে।
মন্ত্রী আরও বলেন, যেখানে বিজেপি আছে, সেখানে উন্নয়ন আছে। তাই জনগণ এখন আর বিভ্রান্ত হবে না। সভায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দও দলীয় সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান। সভাটি দলীয় কর্মীদের মধ্যে নবউদ্যম সৃষ্টি করে। উপস্থিত সকলে এডিসি নির্বাচনে দলকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।








