অনলাইন ডেস্ক, ৭ জুলাই ২০২৫। আজ ঊনকোটি জেলার কৈলাসহরের কলাক্ষেত্রে অনুষ্ঠিত হলো মহান শিক্ষাবিদ, রাজনীতিবিদ এবং ভারতের একতা ও সংহতির প্রতীক ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান।
তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বালন ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈলাশহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ-অধিকর্তা বিশ্বজীত দেব, জেলা পরিষদের সদস্য বিমল কর ও সমাজসেবক প্রীতম ঘোষ।
তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা বিশ্বজীত দেব স্বাগত বক্তব্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও কৃতিত্ব তুলে ধরেন।
তিনি জানান, ছাত্রছাত্রীদের মধ্যে তাঁর জীবনের আদর্শ ছড়িয়ে দিতে এই অনুষ্ঠানের আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ। চেয়ারপার্সন চপলা দেবরায় তাঁর বক্তব্যে বলেন, “ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন এক বহুমুখী প্রতিভার অধিকারী।
তিনি শুধু রাজনীতিবিদই নন, একজন আদর্শ শিক্ষাবিদ ও সমাজ সংস্কারকও ছিলেন। দেশের স্বার্থে নিজের জীবন উৎসর্গ করেছেন তিনি। বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের তাঁর জীবন থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত।”
সমাজসেবক প্রীতম ঘোষ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “আমরা যদি আজ দেশের একতা, সার্বভৌমত্ব ও সংবিধানকে সম্মান করি, তার পেছনে ডঃ মুখোপাধ্যায়ের আত্মবলিদান এক বিশাল অধ্যায়।
তাঁর আদর্শ অনুসরণ করলেই আমরা একটি সুশৃঙ্খল ও প্রগতিশীল সমাজ গড়ে তুলতে পারবো।”
অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনীভিত্তিক একটি ক্যুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।








