অনলাইন ডেস্ক, ৭ জুলাই ২০২৫। উত্তর ত্রিপুরার পানিসাগরে জাতীয় সড়ক ৮-এর বেহাল অবস্থার প্রতিবাদে সোমবার সকাল ১০টা নাগাদ রাস্তা অবরোধ করেন এলাকার ব্যবসায়ী ও যানচালকর।
দীর্ঘদিন ধরে এই সড়কের করুণ দশার ফলে যান চলাচলে গুরুতর সমস্যা দেখা দিচ্ছে। এর প্রভাব পড়ছে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের উপর।
ব্যবসায়ীদের অভিযোগ,সড়কটি গাড়ি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ায় পণ্য পরিবহনে মারাত্মক বিঘ্ন ঘটছে।
এতে তাঁদের আর্থিক ক্ষতিও বেড়েই চলেছে। পাশাপাশি, রাস্তার বেহাল অবস্থার কারণে প্রায়শই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটছে, যা জননিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগজনক।
তাঁরা দীর্ঘদিন ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছান পানিসাগর থানার পুলিশ ও পানিসাগর মহকুমা কার্যালয়ের ডেপুটি কালেক্টর।
তিনি National Highways & Infrastructure Development Corporation Limited (NHIDCL)-এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আশ্বাস দেন যে, আগামী ১২ জুলাই ২০২৫ থেকে রাস্তা মেরামতের কাজ শুরু হবে।
এই প্রতিশ্রুতির ভিত্তিতে ব্যবসায়ীরা অবরোধ প্রত্যাহার করেন। তবে তাঁরা স্পষ্ট করে জানিয়ে দেন, নির্ধারিত সময়ে কাজ শুরু না হলে তাঁরা আবারও কঠোর আন্দোলনে নামবেন।
স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের আশ্বাসকে স্বাগত জানিয়ে সড়ক মেরামতের কাজ যথাসময়ে এবং গুণগত মান বজায় রেখে সম্পন্ন করার আহ্বান জানান।








