শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি হতে পারেনা: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক, ০১ জুলাই, ২০২৫: কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা জনগণের কাছে বিশেষ করে জনজাতি অংশের মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার কাজ করছে।

রাজ্যের জনজাতি অংশের মানুষ যারা এখনও বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে আছেন তাদের দেশের অন্যান্য অংশের মানুষের সমপর্যায়ে নিয়ে আসতে হবে। ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযানের মাধ্যমে রাজ্য সরকার জনজাতিদের উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। গতকাল অমরপুর ব্লকের পূর্ব ডলুমা ভিলেজ এলাকার ডালারায় পাড়া জেবি স্কুলে প্রশাসনিক শিবিরে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় একথা বলেন।

ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযানের অঙ্গ হিসেবে গতকাল এই প্রশাসনিক শিবিরের আয়োজন করা হয়েছে। প্রশাসনিক শিবিরে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, আমাদের রাজ্যের ৩৯২টি জনজাতি অধ্যুষিত গ্রামে ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান রূপায়ণ করা হচ্ছে।

প্রশাসনিক শিবিরে জনজাতি অংশের মানুষ রেশন কার্ড, আধার কার্ড, এসটি সার্টিফিকেট, পিআরটিসি, ভোটার আই কার্ড প্রভৃতি পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। প্রসঙ্গক্রমে তিনি বলেন, শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি হতে পারে না। আগে রাজ্যে ৩টি একলব্য স্কুল ছিল। বর্তমানে ২ ১টি একলব্য স্কুল খোলা হয়েছে।

করবুকে একটি ডিগ্রি কলেজ খোলার অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্যে নারীদের স্বশক্তিকরণের কাজ চলছে। রাজ্যের মহিলাগণ বর্তমানে ৫২ হাজারেরও বেশি স্বসহায়ক দলের সঙ্গে যুক্ত হয়েছেন। অনেকে লাখপতি দিদি হয়েছেন। তিনি জানান, অমরপুরের দুটি দীঘির সৌন্দর্যায়ণের উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করার জন্য অর্থমন্ত্রী জাতি জনজাতি অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। শিবিরে গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক রঞ্জিত দাস বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

Leave a Comment