বিচারাধীন বন্দীর মৃত্যুতে মুখ্যমন্ত্রীর নির্দেশে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ

অনলাইন ডেস্ক, ০১ জুলাই, ২০২৫: বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে আটক এক বিচারাধীন বন্দী কৈলাশ রায় (পিতা: স্বর্গীয় বাবু লাল রায়, গ্রাম: খেজুরবাগান, থানা: এন.সি.সি., পশ্চিম ত্রিপুরা) বিচারাধীন অবস্থায় গত ২৯ জুন, ২০২৫ মৃত্যুবরণ করেন। এখানে উল্লেখযোগ্য যে, কৈলাশ রায়কে ২১ জুন, ২০২৫ একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল এবং কাস্টডিতে নেওয়া হয়।

যার মামলা নম্বর: ২০২৫ এন.সি.সি. ০৩৪, ধারা: ভারতীয় দণ্ডবিধির (বি.এন.এস.) ১৩২/৩২৪(২)/৩৫১(৩)/৩(৫) অনুযায়ী। মৃত্যুর পর স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে প্রাথমিক অনুসন্ধান (ইনকোয়েস্ট) সম্পন্ন হয়েছে এবং এন.এইচ.আর.সি. বিধিমালা অনুযায়ী ২৯.০৬.২০২৫ তারিখে এ.জি.এম.সি. ও জি.বি.পি. হাসপাতালের মর্গে পোস্টমর্টেম সম্পন্ন করা হয়েছে ও একই দিনে মৃতদেহ পরিবারের সদস্যদের হস্তান্তর করা হয়েছে।

মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার নির্দেশে, স্বরাষ্ট্র (কারা) দপ্তর সিপাহীজলা জেলার জেলাশাসক ও কালেক্টরকে বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বিচারাধীন বন্দী কৈলাশ রায়ের মৃত্যুর ঘটনার তদন্ত এবং প্রতিবেদন দাখিলের জন্য ম্যাজিস্ট্রিয়াল তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আজ কারা দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment