এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্য সরকার সকল অংশের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করছে: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক, ৩০ জুন, ২০২৫ : রাজ্যের বর্তমান সরকার সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াস এই মূল মন্ত্রকে পাথেয় করে রাজ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্য সরকার সকল অংশের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করছে।

আজ করবুকে সাব ট্রেজারির উদ্বোধন করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় একথা বলেন। অর্থমন্ত্রী এছাড়াও এদিন করবুক ব্লকভিত্তিক ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের অঙ্গ হিসেবে সচেতনতামূলক শিবিরের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, রাজ্যে বর্তমানে ৯টি ট্রেজারি এবং ১৪টি সাব ট্রেজারি রয়েছে।

আজ করবুকে সাব ট্রেজারির উদ্বোধনের পর রাজ্যে সাব ট্রেজারির সংখ্যা দাঁড়িয়েছে ১৫টি। রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প রূপায়ণের পাশাপাশি স্বচ্ছতার সাথে প্রকল্পের সুযোগ সুবিধা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিত্যনতুন তথা প্রযুক্তির উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে চলছে।

আজকের এই সাব ট্রেজারির উদ্বোধনের ফলে সরকারের সব প্রকল্পের সুবিধা দ্রুততার সঙ্গে সমাজের অন্তিম স্তর পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে। অর্থমন্ত্রী বলেন, রাজ্যের জনজাতি অংশের জনগণের কল্যানের স্বার্থে ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষতা অভিযান শুরু করা হয়েছে।

এই অভিযানের মাধ্যমে রাজ্যের ১ লক্ষ ১৮ হাজার ৪৮-৭টি জনজাতি পরিবার উপকৃত হবে। এই অভিযানের মাধ্যমে জনজাতি অংশের জনগণ নানা সরকারি সুযোগ সুবিধাও পাবেন। অনুষ্ঠানে গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় বলেন, সাব ট্রেজারির উদ্বোধন করবুক মহকুমার জন্য একটি নতুন পালক যুক্ত হয়েছে।

এর মাধ্যমে করবুকে সরকারি অর্থ লেনদেনের ক্ষেত্রে সুবিধা হবে। তিনি বলেন, ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের মাধ্যমে জনজাতি অংশের মানুষের আর্থসামাজিক মান উন্নয়ন ঘটবে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক সঞ্জয়মানিক ত্রিপুরা, ট্রেজারি এন্ড অ্যাকাউন্টস বিভাগের অধিকর্তা আকিঞ্চন সরকার, গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ আচার্য।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন করবুক বিএসি’র ভাইস চেয়ারম্যান প্রণব ত্রিপুরা, শিলাছড়ি বিএসি’র চেয়ারম্যান টি মণ, করবুক মহকুমার মহকুমা শাসক শ্যামজয় জমাতিয়া, মহকুমা পুলিশ আধিকারিক গমনজয় রিয়াৎ, স্বাস্থ্য দপ্তরের মহকুমা আধিকারিক ধনমনি ত্রিপুরা প্রমুখ।

অনুষ্ঠানে ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানে সুবিধাভোগীদের বিভিন্ন সার্টিফিকেট সহ নানা সুযোগ সুবিধা প্রদান করা হয়।

Leave a Comment