অনলাইন ডেস্ক, ২৭ জুন, ২০২৫ : মাধ্যমিক (সেকেন্ডারি এক্সামিনেশান) বছর বাঁচাও পরীক্ষা এবং হায়ার সেকেন্ডারি (+২ স্টেজ) বছর বাঁচাও পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে কাঞ্চনপুর মহকুমায় কাঞ্চনপুর কলোনী গার্লস এইচ এস স্কুলে পরীক্ষার দিনগুলিতে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
৩০ জুন সকাল ৬টা থেকে এই বিধিনিষেধ বলবৎ হবে এবং তা ৭ জুলাই, ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে। কাঞ্চনপুর মহকুমার মহকুমা শাসক বিএনএসএস-২০২৩ এ ১৬৩নং ধারা অনুযায়ী এই বিধিনিষেধ আরোপ করেছেন।
এই আদেশ অনুযায়ী পরীক্ষার দিনগুলিতে সংশ্লিষ্ট এলাকার ৩০০ মিটারের মধ্যে কোন বেআইনী জমায়েত/ কার্যকলাপ করা যাবে না। এই সময়ে সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত এবং দা, লাঠি ও যেকোন ধরণের আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক বহন করা নিষিদ্ধ করা হয়েছে।
একই সঙ্গে মাইক্রোফোনের ব্যবহার ও যেকোন জমায়েতের আয়োজন করা এবং শ্লোগান দেওয়ার উপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষার পরীক্ষার্থীদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটে এমনভাবে মাইক্রোফোন ব্যবহার করার উপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে বিএনএসএস ২০২৩-র ২২৩ নং ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।








