মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের জেলাভিত্তিক সম্বর্ধনা প্রদান

অনলাইন ডেস্ক, ১৩ জুন, ২০২৫: সোনামুড়া টাউনহলে গতকাল এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সিপাহীজলা জেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের জেলাভিত্তিক সম্বর্ধনা প্রদান করা হয়।

বিদ্যালয় শিক্ষা দপ্তরের সিপাহীজলা জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বিধায়ক কিশোর বর্মণ, সিপাহীজলা জেলার জেলাশাসক ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল, সোনামুড়া নগরপঞ্চায়েতের চেয়ারপার্সন সারদা চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী উত্তম দাস ও শুভ্রজিৎ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিগণ অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও দেশের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া লেখাপড়ার পাশাপাশি সমাজের স্বার্থে বিভিন্ন সমাজসেবামূলক কাজে ছাত্রছাত্রীদের এগিয়ে আসার উপরও গুরুত্বারোপ করেন অতিথিগণ।

স্বাগত বক্তব্য রাখেন সিপাহীজলা জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক। সম্বর্ধনা কর্মসূচির অঙ্গ হিসাবে এদিন অনুষ্ঠানে সিপাহীজলা জেলার প্রতিটি উচ্চবিদ্যালয় এবং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ৩ জন করে মোট ৮২০ জন মেধাবী শিক্ষার্থীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের জন্য জেলা শিক্ষা কার্যালয়ের পক্ষ থেকে শংসাপত্র সহ উত্তরীয় দিয়ে সম্বর্ধনা প্রদান করা হয়।

Leave a Comment