অনলাইন ডেস্ক, ১৩ জুন, ২০২৫: পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাগৃহে আজ জিলা পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সভাপতি বিষ্ণুধন দাস।
সভায় পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ স্থায়ী কমিটির অন্যান্য সদস্য-সদস্যা এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। সভায় জেলা শিক্ষা আধিকারিক জানান, পশ্চিম জেলার অন্তর্গত প্রতিটি বিদ্যালয়ে রান্নাঘর শেডের সারাইয়ের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।
১৩টি বিদ্যালয়ে নতুন বিল্ডিং তৈরীর কাজ শুরু হয়েছে। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের আধিকারিক জানান, বাল্যবিবাহের বিরুদ্ধে ও নেশামুক্তি অভিযান উপলক্ষ্যে পশ্চিম জেলার বিভিন্ন জায়গায় সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের যৌথ ব্যবস্থাপনায় তিনটি মহকুমায় বিদ্যালয় স্তরে ফুটবল খেলা অনুষ্ঠিত হবে।
যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের আধিকারিক জানান, আগামী জুলাই মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত ১৯টি ক্রীড়া বিভাগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ তথ্য আধিকারিক জানান আগামী ২১ জুন থেকে ২৮ জুন পর্যন্ত পশ্চিম জেলার একক সঙ্গীত শিল্পী ও দলগত সঙ্গীত শিল্পীদের সঙ্গীত বিভাগে দ্বিতীয় পর্যায়ের অডিশন প্রক্রিয়া আগরতলাস্থিত নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হবে।








