অনলাইন ডেস্ক,২৯ মে, ২০২৫: নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট (আই আই আই ডি.ই.এম.)-এ আজ বি.এল.ও. সুপারভাইজারদের ৮ম ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে।
আই আই আই.ডি.ই.এম.-এ প্রশিক্ষণার্থীদের এটাই সবচেয়ে বড় ব্যাচ যাতে রয়েছে উত্তরপ্রদেশের ১১৮ জন, মধ্যপ্রদেশের ১৩০ জন, ছত্তিসগড়ের ৯৬ জন এবং হরিয়ানা থেকে ২৯ জন প্রশিক্ষণার্থী।
এই রাজ্যগুলির বি.এল.ও, বি.এল.ও. সুপারভাইজার এবং নির্বাচক নিবন্ধন আধিকারিক মিলিয়ে মোট ৩৭৩ জন এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। বিগত দু’মাসে এই প্রতিষ্ঠানে ৩,৭২০ জনের বেশি ক্ষেত্রীয় পর্যায়ের নির্বাচন কর্মী প্রশিক্ষণ নিয়েছেন।
ভারতের নির্বাচন কমিশনের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫০, ১৯৫১ রেজিস্ট্রেশন অব ইলেক্টর্স রুলস ১৯৬০, কন্ডাক্ট অব ইলেকশন রুলস, ১৯৬১ এবং সময় সময় নির্বাচন কমিশনের জারি করা নির্দেশিকা অনুযায়ী নির্বাচন পরিচালনা নিশ্চিত করতে এই প্রশিক্ষণ খুবই জরুরি।
এই প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচন কর্মীদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ১ম ও ২য় আপিলের ক্ষেত্রে কি করণীয় সে সম্পর্কে অবহিত করা হয়। এখানে উল্লেখ করা যেতে পারে যে, ছত্তিসগড়, হরিয়ানা, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে ৬-১০ জানুয়ারি, ২০২৫-এ বিশেষ সামারি রিভিশনের পর কোনও আপিল জমা পড়েনি।
তাছাড়া এই প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচন কর্মীদের ভোটার রেজিস্ট্রেশন, ফর্ম পূরণ করা, ক্ষেত্রীয় পর্যায়ে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা, বিভিন্ন আইটি, টুল ব্যবহার ইত্যাদি সম্পর্কে হাতেকলমে শেখানো হয়।
মকপোল সহ ইভিএম, ভি.ভি. প্যাট পরিচালনা করাও দেখানো হয়ে থাকে প্রশিক্ষণ কর্মসূচি চলাকালীন সময়ে। ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে।








