অনলাইন ডেস্ক,২৯ মে, ২০২৫: কৃষকরা হলেন অন্নদাতা, ভগবান, দেশের অর্থনীতির মেরুদন্ড। কৃষকের উন্নতি হলেই দেশের উন্নয়ন হবে। আজ জোলাইবাড়ি ব্লকের দেবদারু কমিউনিটি হলে দক্ষিন ত্রিপুরা জেলাভিত্তিক ‘বিকশিত কৃষি সংকল্প অভিযান’ কর্মসূচির উদ্বোধন করে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া একথা বলেন।
সমবায়মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক মানোন্নয়নে কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কৃষকদের কারণেই আজ সারা পৃথিবীতে অর্থনীতির মানদন্ডে ভারত চতুর্থ স্থানে উঠে এসেছে। আর তাই কেন্দ্র ও রাজ্য সরকার এই অন্নদাতাদের যোগ্য সন্মান দিতে বিনামূল্যে বীজ, সার, কীটনাশক ও কৃষি যন্ত্রপাতি কৃষকদের হাতে তুলে দিচ্ছে।
সরকার সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছে। সরকার চায় কৃষকদের আয় দ্বিগুণ করতে। বিকশিত ভারত নির্মাণে দক্ষ কৃষক প্রয়োজন বলে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া অভিমত ব্যক্ত করেন।
সমবায় মন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, জোলাইবাড়ি বিএসি’র চেয়ারম্যান অশোক মগ, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সদস্য শম্ভু মানিক, বিশিষ্ট সমাজসেবী দ্বীপায়ন চৌধুরী, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্য সুজিত দত্ত প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি দপ্তরের উপ অধিকর্তা সুজিত কুমার সাহা। দক্ষিণ ত্রিপুরা জেলার মৎস্য, প্রাণীসম্পদ বিকাশ দপ্তর, বীরচন্দ্র মনুর কেন্দ্রীয় কৃষি বিজ্ঞান গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা এবং এলাকার প্রায় তিন শতাধিক কৃষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জোলাইবাড়ি ব্লকের ৬টি স্থানে বিকশিত কৃষি সংকল্প অভিযান হচ্ছে আজ। ২৯মে থেকে ১২ জুন পর্যন্ত এই অভিযান চলবে। দেবদারু কমিউনিটি হলের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি জয়দেব দত্ত।








