অনলাইন ডেস্ক, ২২ মে, ২০২৫: সাম্প্রতিক বৃষ্টিতে দক্ষিণ জেলার বিলোনীয়া মহকুমার ঈশানচন্দ্রনগর ও বল্লারমুখের নীচু এলাকাসমূহ প্লাবিত হয়। এই বিষয়টি মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার গোচরে এলে তিনি সঙ্গে সঙ্গেই পূর্ত দপ্তরকে (জলসম্পদ) জল নিকাশের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
মুখ্যমন্ত্রীর নির্দেশে পূর্ত দপ্তরের (জলসম্পদ) চিফ ইঞ্জিনিয়ার সুধন দেববর্মা এবং দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক মহম্মদ সাজাদ পি. সহ সংশ্লিষ্ট আধিকারিকগণ গত ১৯ মে ঐ এলাকা পরিদর্শন করেন।
নীচু এলাকার জমা জলকে ড্রেইনের মাধ্যমে নিকাশের জন্য বল্লারমুখ ছড়ার ক্যাচমেন্ট এলাকার সাথে যুক্ত করার জন্য দ্রুত উদ্যোগ নেওয়া হয়। এই ড্রেইনের মাধ্যমে ঈশানচন্দ্রনগর ও বল্লারমুখে জমে থাকা জল সহজেই প্রবাহিত হয়ে যাবে।
যুদ্ধকালীন তৎপরতায় প্রায় ৭০ মিটার দীর্ঘ, ২-৩ মিটার প্রশস্ত এবং ৪-৬ ফুট গভীর এই ড্রেইন খনন কাজ শেষ হয়েছে এবং বর্তমানে এই ড্রেইনের মাধ্যমে সহজেই অতিরিক্ত জল বেরিয়ে যাচ্ছে। পূর্ত দপ্তর (জলসম্পদ) থেকে জানানো হয়েছে, শীঘ্রই আরেকটি বড় চ্যানেল খনন করা হবে।
এই চ্যানেলটি খনন করা হলে বিলোনীয়া মহকুমার ঈশানচন্দ্রনগর ও বল্লারমুখসহ সন্নিহিত এলাকায় বর্ষাকালে অতিরিক্ত জল জমে প্লাবিত হওয়ার কোনও সম্ভাবনা থাকবে না বলে আশা করা হচ্ছে।








