স্বচ্ছ নিয়োগনীতি এবং চাকরি প্রাপকদের কঠোর পরিশ্রমের ফলেই অফার ও স্বপ্ন সফল হয়েছে : মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক, ১৩ মে, ২০২৫: রাজ্য পুলিশে নবনিযুক্ত কনস্টেবলদের পেশাগত দায়িত্ব পালনের মধ্যদিয়ে জনস্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। রাজ্য সরকারের স্বচ্ছ নিয়োগনীতি এবং চাকরি প্রাপকদের কঠোর পরিশ্রমের ফলেই তারা আজ অফার পেয়েছেন ও তাদের স্বপ্ন সফল হয়েছে।

আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে নবনিযুক্ত চাকরি প্রাপকদের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। আজ এই অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য পুলিশের কনস্টেবল পদে মোট ৯৭৫ জনকে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে।

এদের মধ্যে ৬৪৩ জন পুরুষ এবং ৩৩২ জন মহিলা রয়েছেন। অনুষ্ঠানমঞ্চে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিবর্গ চাকরি প্রাপক কয়েকজনের হাতে নিয়োগপত্র তুলে দেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আজকের দিনটি চাকরি প্রাপকদের জন্য একটি স্মরণীয় দিন।

চাকরি প্রাপকদের মধ্যে হয়ত কেউ কেউ পরিবারের প্রথম সরকারি চাকরি প্রাপক। ফলে তাদের পরিবারে নিঃসন্দেহে একটি নতুন আশা সঞ্চারিত হবে। প্রকৃতপক্ষে রাজ্যের যুবাদের কর্মসংস্থানে আজকের এই দিনটি একটি উল্লেখযোগ্য মাইলফলক বলা যায়।

তিনি বলেন, প্রশাসনে স্বচ্ছতা এবং গতি আনতে বিভিন্ন দপ্তরে নতুন পদ সৃষ্টি সহ পুরোনো পদগুলি পুরণের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যে পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি অন্তিম ব্যক্তি পর্যন্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করতে সরকারের নিরন্তর প্রয়াস অব্যাহত রয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া জারি রেখে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে এবছর মার্চ মাস পর্যন্ত ডাই-ইন হারনেস সহ মোট ১৭ হাজার ৫৫৪ জনকে সরকারি চাকরি দিয়েছে। শুধুমাত্র ২০২৫ সালেই এখন পর্যন্ত ৪ হাজার ৪৯৯ জন সরকারি চাকরির নিয়োগপত্র পেয়েছেন।

সরকারি চাকরিতে নিয়োগে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ নীতির সাথে সামঞ্জস্য রেখে আজ ৩৩২ জন মহিলাকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। এরফলে মহিলারা স্বাবলম্বী এবং অর্থনৈতিকভাবেও শক্তিশালী হবে।

তিনি বলেন, রাজ্য সরকার ইতিমধ্যেই আরও ৯১৬ জন পুলিশ কনস্টেবল নিয়োগের অনুমোদন দিয়েছে। সরকার অনুমোদিত ২১৮ জন সাব-ইন্সপেক্টরের নিয়োগ প্রক্রিয়াও শীঘ্রই শুরু হবে। তাছাড়া ৬০৬৭ জন স্পেশাল এক্সকিউটিভদের তালিকাভুক্তি প্রক্রিয়ার কাজ চলছে।

Leave a Comment