৪১ বছরেও নেই পাকা রাস্তা নেই পানীয় জল, দেওড়াছড়া কলোনি পাড়ার দুর্ভোগ

অনলাইন ডেস্ক, ৪ মে, ২০২৫: কৈলাসহর শহর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে অবস্থিত গৌরনগর আর ডি ব্লকের অন্তর্গত দেওড়াছড়া এডিসি ভিলেজের দুই নম্বর ওয়ার্ডের কলোনি পাড়া যেন এক বিস্মৃত অধ্যায়।

১৯৮৪ সাল থেকে রিয়াং সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করলেও, আজও নেই পাকা রাস্তা, নেই স্টিল ব্রিজ বা কালভার্ট। এলাকার মানুষজন নিজেদের তৈরি করা বাঁশের সাঁকো দিয়ে ছড়া পার হয়ে বাইরে যান। যাতায়াতের যে পথ রয়েছে, সেটিও সরু, জঙ্গলাকীর্ণ ও বিপজ্জনক।

কিছুদিন আগে, ফেব্রুয়ারি মাসে হঠাৎ তিনটি ঘরে আগুন লাগে। খবর দেওয়া হয় দমকলকে, তারা এলেও ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি—কারণ রাস্তা নেই। পানীয় জলের সমস্যায় ভূগছে তারা, ছড়ার জল পান করেই চলছে দিনযাপন।

১৫টি পরিবারের প্রায় ৭০ জন মানুষ আজও ন্যূনতম পরিকাঠামোর জন্য মুখাপেক্ষী। এলাকাবাসীদের একটাই আবেদন আমরা রাস্তা চাই না, অন্তত একটা স্টিল ব্রীজ বা কালভার্ট করে দিন, সরকারের কাছে এটাই আমাদের অনুরোধ।

Leave a Comment