অনলাইন ডেস্ক, ৫ এপ্রিল, ২০২৫ : তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ফের একবার চিকিৎসা ব্যবস্থার গাফিলতির করুণ চিত্র সামনে এলো। মাত্র ১৪ মাসের এক শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগ, হাসপাতালের একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের উদাসীনতা ও নির্লিপ্ত মনোভাবের ফলেই অকালে ঝরে গেল শিশুটির জীবন। জানা গেছে, অনুজ দেববর্মা নামে ওই শিশুটিকে গুরুতর শ্বাসকষ্ট নিয়ে ওম্পি নগর হাসপাতাল থেকে সন্ধ্যা ৮টা ১৫ মিনিট নাগাদ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রেফার করা হয় উন্নত চিকিৎসার জন্য।
শিশুটির পিতা বিশ্বজিৎ দেববর্মা জানান, হাসপাতালে উপস্থিত মেডিসিন বিশেষজ্ঞ ডা. উত্তম কুমার বর্মনের তত্ত্বাবধানে প্রায় এক ঘণ্টা চিকিৎসার জন্য অপেক্ষা করলেও কোনো সুনির্দিষ্ট ও কার্যকর চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়নি।
অভিযোগ আরও গুরুতর, কারণ হাসপাতাল চত্বরে দুইজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক থাকলেও, ডা. উত্তম কুমার বর্মন তাঁদের কাউকেই পরিস্থিতি জানিয়ে পরামর্শ নেওয়ার প্রয়োজন মনে করেননি।
এতে চিকিৎসা বিলম্বিত হয় এবং এক পর্যায়ে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। শেষে রেফার করার উদ্যোগ নেওয়া হলেও, পরিবার আর্থিক অসচ্ছলতার কারণে আগরতলার জিবি হাসপাতালে নিয়ে যেতে ব্যর্থ হয়।
এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ। তাঁদের মতে, মহকুমা হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন যতই হোক, যদি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিজেদের দায়িত্ব সচেতনভাবে না পালন করেন, তবে উন্নয়নের প্রকৃত উদ্দেশ্য ব্যর্থ হবে।








