অনলাইন ডেস্ক, ৬ এপ্রিল, ২০২৫ : আজ রামনবমী। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আমতলি বাইপাসের নিকট অবস্থিত শিরিডি সাইবাবা মন্দিরে পুজা দেন এবং রাজ্যবাসীর কল্যাণে প্রার্থনা করেন। সেই সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়।
পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় মুখ্যমন্ত্রী বলেন, মানবতাই মানুষের পরম ধর্ম। সমস্যাদীর্ণ মানুষের কল্যাণার্থে এগিয়ে আসাই পরম মনুষ্যত্বের উদাহরণ। এর মাধ্যমে যেমন আত্মসন্তুষ্টি পাওয়া যায় তেমনি সমাজেরও কল্যাণ হয়।
এই ভাবধারাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গ দর্শনে বর্তমান এই সরকার রাজ্যবাসীর কল্যাণে কাজ করে চলেছে। তিনি বলেন, রাজ্যের সাধারণ জনগণ সরকারের উপর আস্থাশীল।
জনগণের যেকোন প্রয়োজন ও পরিস্থিতিতে সরকার সর্বদাই এগিয়ে আসবে বলে তারা আশা করে থাকেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে জাতি-ধর্ম নির্বিশেষে সকল অংশের জনগণ সবধরণের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। ফলে আমাদের রাজ্য মিশ্র সংস্কৃতির এক পূণ্যভূমিতে পরিণত হয়েছে।








