রাজ্য সরকার শিক্ষার মানোন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে : সমবায়মন্ত্রী

অনলাইন ডেস্ক, ৯ মার্চ, ২০২৫: জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মাঠে আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণি বিদ্যালয় প্রতিষ্ঠার ৭৫তম বর্ষপূর্তি উদযাপন করা হয়। বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলন করে ৭৫তম বর্ষপূর্তির সূচনা করেন সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।

উদ্বোধকের ভাষণে সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, রাজ্য সরকার শিক্ষার উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রত্যন্ত এলাকায় নতুন স্কুল স্থাপন, শিক্ষার গুণগত মানোন্নয়নে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ, নতুন নতুন পাঠক্রম প্রণয়নের মতো কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণি বিদ্যালয় এবং চড়কবাই দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের পাকাবাড়ি নির্মাণের জন্য সাড়ে ৮ কোটি টাকা করে বরাদ্দ করা হয়েছে। সমবায়মন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা, দক্ষিণ জেলা শিক্ষা আধিকারিক সুবীর মজুমদার, বিদ্যালয় পরিদর্শক বিকাশ দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত, প্রাক্তন ছাত্র পরিমল চন্দ্ৰ বৈদ্য, বিশিষ্ট চিকিৎসক ডা. গৌতম মজুমদার।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক রায়। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান শম্ভু মানিক। ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

Leave a Comment