রোহতক, ২৬ নভেম্বর: হরিয়ানার রোহতকে ফের গ্যাং সংঘর্ষের ভয়াবহ পরিণতি। থানার অদূরে একটি ধাবায় ঢুকে চার যুবককে গুলি করে হত্যা করল একদল সশস্ত্র আততায়ী। বুধবার গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, দুই প্রতিদ্বন্দ্বী অপরাধী গোষ্ঠী ‘বাবা গ্যাং’ এবং ‘হিমাংশু ভাউ গ্যাং’-এর মধ্যে বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার রাতে একটি সুইফট গাড়িতে চেপে পাঁচজন সশস্ত্র দুষ্কৃতী ধাবাটির সামনে এসে পৌঁছয়। এরপর তারা ভিতরে ঢুকে সেখানে খাবার খেতে থাকা কয়েকজন যুবককে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। আচমকা এই হামলায় ধাবার ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে উপস্থিত অন্যান্য গ্রাহকরা আশপাশের টেবিল ও চেয়ারের আড়ালে আশ্রয় নেন।
হামলায় তিন যুবক ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্য এক যুবক আততায়ীদের হাত থেকে বাঁচতে পালানোর চেষ্টা করলে তাঁকে ধাওয়া করে গুলি চালানো হয়। তাতেই মৃত্যু হয় তাঁর। ফলে এই ঘটনায় মোট চারজনের মৃত্যু হয়েছে।
রোহতক পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এলাকায় দীর্ঘদিন ধরেই বাবা গ্যাং এবং হিমাংশু ভাউ গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। নিহত চার যুবকের সঙ্গে হিমাংশু ভাউ গ্যাংয়ের যোগসূত্র ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।
খারাওয়ার থানার কাছাকাছি এমন ভয়াবহ হামলার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ধাবা ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে তল্লাশি অভিযান শুরু করেছে তদন্তকারীরা।








