কায়রো, ২৬ নভেম্বর: মিশরের রাজধানী কায়রোর উপকণ্ঠে ভয়াবহ সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। পেট্রোলিয়ামজাত পণ্যবাহী একটি ট্রাক উল্টে যাওয়ার পর বিস্ফোরণ ও আগুনে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২১ জন। বুধবার গিজা গভর্নরেটের আল-ওয়ারাক এলাকায় রিং রোডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনায় একাধিক যানবাহন পুড়ে ছাই হয়ে গিয়েছে।
স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রিং রোডের একটি সুড়ঙ্গের উপরের অংশে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা কংক্রিটের নিরাপত্তা দেওয়ালে ধাক্কা মারে। এরপরই ট্রাকটিতে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। আশপাশে থাকা অন্যান্য যানবাহনও অগ্নিকাণ্ডের কবলে পড়ে। প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ২৭টি গাড়ি ও মোটরসাইকেল আগুনে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত উদ্ধারকাজ শুরু করে প্রশাসন। ঘটনাস্থলে পাঠানো হয় ৩৯টি অ্যাম্বুল্যান্স। আহত ২১ জনকে উদ্ধার করে নিকটবর্তী তিনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মিশরের স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার সংশ্লিষ্ট হাসপাতালগুলিকে জরুরি চিকিৎসার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
অগ্নিকাণ্ডের তীব্রতায় বেশ কয়েকটি দেহ এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে, প্রাথমিকভাবে মৃতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের উদ্যোগ নিয়েছে প্রশাসন।
এই দুর্ঘটনার পর গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তাঁরা। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তও শুরু হয়েছে।
মিশরের সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা হিসেবে এই ঘটনাকে দেখা হচ্ছে।








