নয়াদিল্লি, ২৬ নভেম্বর: উত্তর ও দক্ষিণ ভারতের সাংস্কৃতিক মেলবন্ধনকে আরও দৃঢ় করতে আগামী ২৮ নভেম্বর থেকে বারাণসীতে শুরু হচ্ছে কাশী তামিল সঙ্গমমের পঞ্চম সংস্করণ। ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই বিশেষ আয়োজন। এবারের অনুষ্ঠানে প্রাচীন তামিল সাহিত্য ও নৈতিক শিক্ষার প্রসারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মূল ভাবনা হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘তিরুক্কুরাল পায়িলভম’, যার অর্থ তিরুক্কুরাল চর্চা।
২৮ নভেম্বর এই অনুষ্ঠানের সূচনা করবেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ। অন্যদিকে, ১২ ডিসেম্বর সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এবারের কর্মসূচিতে তামিলনাড়ু থেকে প্রায় ১,৪০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। তাঁদের সাতটি পৃথক দলে ভাগ করে বারাণসী, প্রয়াগরাজ ও অযোধ্যা পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি দলে থাকবেন আনুমানিক ২০০ জন প্রতিনিধি।
২০২২ সালে শুরু হওয়া কাশী তামিল সঙ্গমম ইতিমধ্যেই দুই অঞ্চলের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ককে নতুন করে তুলে ধরেছে। প্রথম চারটি পর্বে ভাষা, সাহিত্য, ঐতিহ্য এবং সংস্কৃতির আদানপ্রদানের মধ্য দিয়ে কাশী ও তামিলনাড়ুর মানুষের মধ্যে যোগাযোগ আরও বিস্তৃত হয়েছে। পঞ্চম সংস্করণেও সেই সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি দুই অঞ্চলের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যকে সামনে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এবারের অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রাচীন তামিল সাহিত্যকীর্তি ‘তিরুক্কুরাল’। নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও আদর্শ জীবনযাপনের নানা দিক এই গ্রন্থে তুলে ধরা হয়েছে। বর্তমান প্রজন্মের কাছে এই অমূল্য সাহিত্যসম্পদের গুরুত্ব পৌঁছে দিতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাঠচর্চা, শিক্ষামূলক আলোচনা এবং বিভিন্ন ভাষায় উপলব্ধ শিক্ষাসামগ্রীর মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের তিরুক্কুরালের ভাবধারার সঙ্গে পরিচিত করানো হবে।
আয়োজকদের লক্ষ্য, প্রাচীন সাহিত্য ও দর্শনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধের প্রসার ঘটানো। একই সঙ্গে দেশের বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়িয়ে জাতীয় ঐক্যের বন্ধনকে আরও মজবুত করা।








