বিদ্যুৎ বিচ্ছিন্ন করে আইনজীবীর বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ, পশ্চিম থানায় এফআইআর

অনলাইন ডেস্ক,২৫ নভেম্বর, ২০২৬: রাতের অন্ধকারে বাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও ছিনতাইয়ের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পশ্চিম আগরতলা থানা এলাকায়। মঙ্গলবার রাত প্রায় ১০টা নাগাদ আইনজীবী মিনহাজ আলমের বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। হামলার আগে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল বলেও দাবি করা হয়েছে। এই ঘটনায় বাড়ির আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী ভাঙচুরের পাশাপাশি একটি মোটরবাইক ক্ষতিগ্রস্ত করা হয়।

অভিযোগ অনুযায়ী, পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে উঠলে মিনহাজ আলম পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ স্থানে আত্মগোপন করেন। তবে বাড়ির এক ভাড়াটিয়া দুষ্কৃতীদের হামলার শিকার হন বলে অভিযোগ। তাঁকে মারধর করার পাশাপাশি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও দাবি করা হয়েছে।

ঘটনার খবর পাওয়ার পরই পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পশ্চিম আগরতলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

এই ঘটনার প্রতিবাদে বুধবার সহকর্মী আইনজীবীদের সঙ্গে নিয়ে পশ্চিম আগরতলা থানায় যান মিনহাজ আলম। সেখানে তিনি ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। থানার ওসি অভিযোগ গ্রহণ করেছেন বলে জানান আইনজীবীরা।

থানার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনজীবী ভাস্কর দেববর্মা দুষ্কৃতীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, সরকারি প্রশ্রয় ও যথাযথ নিয়ন্ত্রণের অভাবেই সমাজবিরোধীরা ক্রমশ বেপরোয়া হয়ে উঠছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করতে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে তিনি দাবি জানান।

ভাস্কর দেববর্মার বক্তব্য, শুধু প্রশাসনের উপর নির্ভর করে থাকলে চলবে না। দুষ্কৃতীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। অপরাধীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তাঁর আশঙ্কা, আজ একজনের বাড়িতে এমন হামলা হলে আগামী দিনে অন্যরাও একই ধরনের ঘটনার শিকার হতে পারেন।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে জেলাশাসকের সঙ্গেও আলোচনা করা হয়েছে। তাঁর দাবি, জেলাশাসক ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

অন্যদিকে, হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়েছে কি না, সেই প্রসঙ্গে অভিযোগকারী জানান, ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। ফলে চারপাশ অন্ধকার থাকায় দুষ্কৃতীদের কাউকে স্পষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। এখন পুলিশের তদন্তে হামলাকারীদের পরিচয় ও ঘটনার নেপথ্যে থাকা কারণ সামনে আসে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

 

Leave a Comment