নয়ডা, ২৪ নভেম্বর : পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে জখম হল এক দুষ্কৃতী। সোমবার গভীর রাতে উত্তর প্রদেশের নয়ডার দাদরি থানা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের গুলিতে পায়ে আঘাত লাগে লোকেশ (২৩) নামে ওই দুষ্কৃতীর। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তাঁর এক সহযোগী।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে বোড়াকি গ্রামের কাছে ব্যারিকেড করে নাকা তল্লাশি চালাচ্ছিল দাদরি থানার পুলিশ। সেই সময় একটি মোটরসাইকেলে দুই ব্যক্তিকে আসতে দেখে তাঁদের থামার নির্দেশ দেওয়া হয়। কিন্তু পুলিশের নির্দেশ অমান্য করে তাঁরা পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে তাঁদের ঘিরে ফেললে দুষ্কৃতীরা পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবাব দেয় পুলিশও। সেই সময় পুলিশের গুলিতে লোকেশের পায়ে লাগে। তাঁর অপর সহযোগী পালিয়ে যায়।
ধৃতের কাছ থেকে একটি দেশি পিস্তল, বিভিন্ন জায়গা থেকে লুট করা ৯টি মোবাইল ফোন, চুরি যাওয়া ৫টি মোটরসাইকেল এবং রুপোর কয়েন উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত লোকেশ বুলন্দশহর জেলার বাসিন্দা। সে তার সহযোগীদের সঙ্গে মিলে দিল্লি-এনসিআর এলাকায় চুরি ও ছিনতাইয়ের একাধিক ঘটনায় জড়িত। তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।








