প্রগতি ত্রিপুরা, ২১ নভেম্বর, ২০২৬: মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন, ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে মহারাস যাত্রা। ঐতিহ্য ও ধর্মীয় আবেগকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে উঠেছে কমলপুরের বড়লুতমা। ১৩০ বছরের প্রাচীন মহারাস উৎসব উপলক্ষে শুক্রবার থেকে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী রাসমেলা।
সকালে শিশু-কিশোরদের বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে উৎসবের সূচনা হয়। সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন মন্ত্রী তথা কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সহ-সভাধিপতি অনাদি সরকার, কমলপুর মহকুমার মহকুমা ম্যাজিস্ট্রেট গিডিয়ন মল্লসমসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রদীপ সিনহা।
কমলপুরের ধলাই নদীর পশ্চিম তীরে, কমলপুর-আমবাসা সড়কের পশ্চিম পাশে অবস্থিত বড়লুতমার ত্রয়মণ্ডপে প্রতিবছর এই রাস উৎসবের আয়োজন করা হয়। স্থানীয় ইতিহাস ও জনশ্রুতি অনুযায়ী, ১৮৯৬ সালে এই উৎসবের সূচনা হয়েছিল। সেই সূত্রে এবছর ১৩০ বছরের ঐতিহ্য উদযাপন করছে বড়লুতমা।
উৎসবের প্রাথমিক দিনগুলিতে এলাকাটি ছিল জঙ্গলাকীর্ণ। বন্যপ্রাণীর আতঙ্কের মধ্যেও মশাল হাতে ভক্তরা রাসযাত্রায় যোগ দিতেন বলে প্রচলিত রয়েছে। সময়ের পরিবর্তনে সেই পুরনো আয়োজন আধুনিকতার ছোঁয়া পেয়েছে। মশালের আলো বদলে এসেছে রঙিন আলোকসজ্জা, আর উৎসবকে ঘিরে বিস্তৃত হয়েছে মেলার পরিসর। ইতিমধ্যেই মেলা প্রাঙ্গণে বিভিন্ন পণ্যের শতাধিক দোকান বসেছে।
পাঁচদিনের রাসমেলায় প্রতিদিনই থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। বিমল সিনহা মুক্তমঞ্চে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় সংগীত, নৃত্যসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মেলার শেষ দুদিন দর্শনার্থীদের ভিড় উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আয়োজকদের আশা।
আগামী ২৪ নভেম্বর উৎসবের অন্যতম আকর্ষণ শ্রীকৃষ্ণের মহারাস যাত্রা অনুষ্ঠিত হবে বড়লুতমার ত্রয়মণ্ডপে। এই বিশেষ আয়োজনকে ঘিরে ভক্তদের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ তৈরি হয়েছে।
দীর্ঘ ১৩০ বছরের ধারাবাহিকতা বজায় রেখে বড়লুতমার মহারাস আজ ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এলাকার সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচায়ক হয়ে উঠেছে। রাসযাত্রা কমিটির পক্ষ থেকে উৎসবের প্রতিটি আয়োজনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়েছে।








