ভোটের আগে প্রতিশ্রুতি, ভোটের পরে অবহেলা! বেহাল সড়ক নিয়ে ক্ষোভ সোনামুড়ায়

প্রগতি ত্রিপুরা, ২১ নভেম্বর, ২০২৬: নির্বাচনের সময় নেতাদের আনাগোনা, প্রতিশ্রুতি আর আশ্বাসে সরগরম হয়ে ওঠে পাড়া-মহল্লা। কিন্তু নির্বাচন শেষ হতেই সেই প্রতিশ্রুতিগুলি কতটা বাস্তবায়িত হয়, তা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ দীর্ঘদিনের। এবার সেই ক্ষোভ প্রকাশ্যে এল সোনামুড়া নগর পঞ্চায়েতের প্রাক্তন ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে।

সোনামুড়া ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকার সড়কের বেহাল অবস্থাকে কেন্দ্র করে চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয় মানুষজন। তাঁদের অভিযোগ, রাস্তার অধিকাংশ অংশ কাদা-মাটিতে ভরে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই বিভিন্ন স্থানে জল জমে চলাচলের পথ কার্যত অচল হয়ে পড়ে। স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী, বয়স্ক মানুষসহ পথচারীদের প্রতিদিনই নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

এলাকার বাসিন্দাদের ক্ষোভ, জনপ্রতিনিধিদের কাছে বারবার সমস্যার কথা তুলে ধরেও কার্যকর পদক্ষেপ দেখতে পাননি তাঁরা। তাঁদের কথায়, “নেতাদের ভাষা আমরা বুঝি না, আমাদের কথাও নেতারা বোঝেন না।” এই মন্তব্যের মধ্যেই ফুটে উঠেছে প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি তাঁদের হতাশা।

আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই প্রাক্তন ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন ঝুটন রায়। বর্তমানে তিনি ৭ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হওয়ার পাশাপাশি সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবেও আলোচনায় রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। তাঁর প্রাক্তন ওয়ার্ডের সড়কের এমন দুরবস্থা সামনে আসতেই এলাকার বাসিন্দাদের একাংশ তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন।

বাসিন্দাদের প্রশ্ন, নিজের প্রতিনিধিত্ব করা এলাকাতেই যদি রাস্তার সমস্যার সমাধান না হয়, তাহলে বৃহত্তর দায়িত্ব পেলে উন্নয়নের চিত্র কতটা বদলাবে?

নির্বাচনকে সামনে রেখে রাস্তার দুরবস্থা নিয়ে এলাকায় ক্ষোভ ক্রমেই বাড়ছে। স্থানীয়দের দাবি, শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়, অবিলম্বে সড়ক সংস্কারের উদ্যোগ নিতে হবে। তাঁদের মতে, উন্নয়নের দাবি তখনই অর্থবহ হবে, যখন সাধারণ মানুষ প্রতিদিনের যাতায়াতে তার বাস্তব সুফল পাবেন।

 

Leave a Comment