পুর নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি কংগ্রেসের, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন আশিস সাহার

প্রগতি ত্রিপুরা, ২০ নভেম্বর, ২০২৬: আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে রাজ্যে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করা নিয়ে উদ্বেগ প্রকাশ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে সরব হয়ে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।

শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে আশিস কুমার সাহা অভিযোগ করেন, ২০১৮ সালের পর থেকে রাজ্যে বিভিন্ন নির্বাচনে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে বাধা, হামলা ও সন্ত্রাসের ঘটনা ঘটেছে। আসন্ন পুর নির্বাচনেও মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে প্রার্থী প্রত্যাহারের ক্ষেত্রে বিরোধী প্রার্থীদের নানা বাধার সম্মুখীন হতে হয়েছে বলে দাবি করেন তিনি। একাধিক পুর পরিষদ ও নগর পঞ্চায়েতে বিরোধী প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি বলেও অভিযোগ তাঁর।

কংগ্রেস সভাপতির বক্তব্য, নির্বাচনে ভোটারদের নিরাপত্তা এবং গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, নির্বাচনী আচরণবিধির যথাযথ প্রয়োগ এবং সমস্ত রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ থাকা অত্যন্ত জরুরি। এই দাবিগুলি নিয়ে প্রদেশ কংগ্রেস ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বলেও জানান তিনি।

আশিস সাহার অভিযোগ, গত ১২ অক্টোবর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে কমিশনের কাছে আবেদন জানানো হলেও সেই প্রস্তাব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানোর ক্ষেত্রে বিলম্ব করা হয়েছে। গত ১৬ নভেম্বর রাজ্য নির্বাচন কমিশনার ও জেলা শাসকের সঙ্গে সাক্ষাতের সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও ৭২ ঘণ্টা সময় চাওয়া হয়েছিল বলে জানান তিনি।

সেই আশ্বাসের ভিত্তিতে কংগ্রেসের ধরনা কর্মসূচি প্রত্যাহার করা হলেও পরবর্তী সর্বদলীয় বৈঠকে এ বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস মেলেনি বলে দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন দায়িত্ব এড়িয়ে যাচ্ছে বলেও অভিযোগ তোলেন আশিস কুমার সাহা।

তাঁর আশঙ্কা, ভোটগ্রহণের আগে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পৌঁছানোর বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ছে। পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা ও নিয়োগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, মেয়াদোত্তীর্ণ এক সরকারি আধিকারিককে তড়িঘড়ি নির্বাচন কমিশনের দায়িত্বে বসিয়ে শাসক দলকে সুবিধা করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

ওপ্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, নির্বাচনে ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশনকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনসহ নির্বাচনী নিরাপত্তা সংক্রান্ত দাবিগুলি অবিলম্বে বিবেচনা করার আহ্বান জানান তিনি।

 

Leave a Comment