প্রগতি ত্রিপুরা, ২০ নভেম্বর, ২০২৬: আহত রোগীকে নিয়ে ইমার্জেন্সি থেকে আউটডোর, পরে ট্রমা সেন্টারে ছোটাছুটি; সময় নষ্ট হওয়ায় জরুরি পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
জিবি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে আহত রোগীকে নিয়ে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন মোহনপুর দমকল বাহিনীর কর্মীরা। এক বিভাগ থেকে অন্য বিভাগে রোগীকে নিয়ে ছোটাছুটি করতে গিয়ে দীর্ঘ সময় নষ্ট হয়েছে বলে অভিযোগ তাঁদের। ঘটনাকে কেন্দ্র করে দমকল কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, কামালঘাট এলাকায় হাতে আঘাতপ্রাপ্ত এক ব্যক্তিকে উদ্ধারের জন্য মোহনপুর দমকল বাহিনীর কাছে খবর আসে। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে যান দমকল কর্মীরা।
অভিযোগ, হাসপাতালে পৌঁছে প্রথমে রোগীকে ইমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাঁকে আউটডোরে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। পরে আউটডোরে টিকিট সংগ্রহ করে রোগীকে নিয়ে গেলে সেখান থেকে আবার ট্রমা কেয়ার সেন্টারে পাঠানো হয়। এর ফলে রোগীকে নিয়ে হাসপাতালের বিভিন্ন বিভাগে একাধিকবার যাতায়াত করতে হয় দমকল কর্মীদের।
দমকল কর্মীদের বক্তব্য, তাঁরা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত। বিভিন্ন সময়ে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড ও অন্যান্য বিপদের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে হয় তাঁদের। কিন্তু হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার পর এভাবে এক বিভাগ থেকে অন্য বিভাগে ঘোরাতে হলে ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত সময় নষ্ট হতে পারে। এতে মোহনপুর এলাকায় অন্য কোনও জরুরি ঘটনা ঘটলে সময়মতো পরিষেবা পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এক দমকল কর্মী ক্ষোভ প্রকাশ করে জানান, আহত রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরও কোন বিভাগে চিকিৎসা হবে তা নির্ধারণ করতে তাঁদের বারবার ছোটাছুটি করতে হয়েছে। এতে তাঁদের জরুরি পরিষেবার কাজে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।
দমকল কর্মীদের দাবি, রোগীকে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়ার পর টিকিটের ব্যবস্থা করা হয়েছে এবং চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করছেন। তবে আহত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। তিনি নিজের পরিচয় সম্পর্কেও কিছু জানাতে পারছেন না বলে দাবি দমকল কর্মীদের।
এই ঘটনায় হাসপাতালের পরিষেবা ও জরুরি রোগীদের বিভাগ নির্ধারণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। জরুরি অবস্থায় রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি উদ্ধারকারী কর্মীদের অযথা সময় নষ্ট যাতে না হয়, সেই ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।








