উৎসবের ভিড় সামলাতে তিন জোড়া বিশেষ ট্রেন, দিল্লি থেকে মালদা ও উত্তর ভারতের বিভিন্ন শহরে যাতায়াতের সুবিধা

নয়াদিল্লি, ১৮ নভেম্বর : উৎসবের মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে দিল্লি থেকে মালদা টাউন, ছপরা, থাওয়ে ও গোরক্ষপুরের মধ্যে তিন জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর রেল। শাকুরবস্তি, আনন্দ বিহার টার্মিনাল এবং দিল্লি জংশন থেকে এই ট্রেনগুলি চলবে। এর মধ্যে একটি জোড়া ট্রেনে সংরক্ষিত ও অসংরক্ষিত দুই ধরনের কামরা থাকবে। বাকি দুই জোড়া ট্রেন সম্পূর্ণ অসংরক্ষিত।
উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক হিমাংশু শেখর উপাধ্যায় মঙ্গলবার জানিয়েছেন, ০৩৪৫৭ নম্বর মালদা টাউন-শাকুরবস্তি ফেস্টিভ্যাল স্পেশাল ১৮ নভেম্বর সকাল ১০টায় মালদা টাউন থেকে ছেড়ে ১৯ নভেম্বর বিকেল ৫টায় শাকুরবস্তি পৌঁছবে। ফিরতি পথে ০৩৪৫৮ নম্বর শাকুরবস্তি-মালদা টাউন স্পেশাল ১৯ নভেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শাকুরবস্তি থেকে ছেড়ে ২১ নভেম্বর রাত ১টা ৪৫ মিনিটে মালদহ টাউন পৌঁছবে। এই ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রিত, শয়নযান এবং সাধারণ শ্রেণির কামরা থাকবে।
দুই দিকের যাত্রাপথে ট্রেনটি নিউ ফরাক্কা, বরহরওয়া, সাহেবগঞ্জ, কাহালগাঁও, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর, অভয়পুর, কিউল, মোকামা, বখতিয়ারপুর, রাজেন্দ্রনগর টার্মিনাল, পটনা জংশন, দানাপুর, আরা, বক্সার, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, সুবেদারগঞ্জ, গোবিন্দপুরী, টুন্ডলা এবং দিল্লি জংশনে থামবে।
এ ছাড়া আরও দুই জোড়া সম্পূর্ণ অসংরক্ষিত বিশেষ ট্রেন চালানো হবে। ০৫০৫৭ নম্বর ছপরা জংশন-আনন্দ বিহার টার্মিনাল স্পেশাল ১৯ নভেম্বর রাত ৯টায় ছপরা থেকে ছেড়ে পরদিন বিকেল ৪টা ৫৫ মিনিটে আনন্দ বিহার পৌঁছবে। ফিরতি পথে ০৫০৫৮ নম্বর আনন্দ বিহার টার্মিনাল-থাওয়ে জংশন স্পেশাল ২০ নভেম্বর রাত ৮টা ১০ মিনিটে ছেড়ে ২১ নভেম্বর দুপুর ২টা ১০ মিনিটে থাওয়ে পৌঁছবে। এই ট্রেনের যাত্রাপথে সিওয়ান, থাওয়ে, তামকুহি রোড, পড়রৌনা, রামকোলা, কাপ্তানগঞ্জ, গোরক্ষপুর, খলিলাবাদ, বস্তি, গোন্ডা, বুঢ়বল, সীতাপুর, শাহজাহানপুর, বেরিলি, মোরাদাবাদ এবং গাজিয়াবাদ স্টেশনে থামার কথা রয়েছে।
অন্য অসংরক্ষিত ট্রেনটি চলবে গোরক্ষপুর ও দিল্লি জংশনের মধ্যে। ০৫০৫১ নম্বর গোরক্ষপুর জংশন-দিল্লি জংশন স্পেশাল ১৯ নভেম্বর দুপুর ২টা ৪০ মিনিটে গোরক্ষপুর থেকে ছেড়ে ২০ নভেম্বর সকাল ৮টা ২০ মিনিটে দিল্লি পৌঁছবে। ফিরতি পথে ০৫০৫২ নম্বর দিল্লি জংশন-গোরক্ষপুর জংশন স্পেশাল ২০ নভেম্বর সকাল ১১টা ১০ মিনিটে দিল্লি থেকে ছেড়ে ২১ নভেম্বর ভোর ৫টা ৫ মিনিটে গোরক্ষপুর পৌঁছবে। দুই দিকেই খলিলাবাদ, বস্তি, গোন্ডা, বুঢ়বল, লখনউ, কানপুর সেন্ট্রাল, টুন্ডলা এবং গাজিয়াবাদ স্টেশনে ট্রেনটির স্টপেজ থাকবে।
যাত্রার আগে ট্রেনের সময়সূচি ও চলাচল সংক্রান্ত সর্বশেষ তথ্য জেনে নেওয়ার জন্য যাত্রীদের ১৩৯ নম্বর রেল মদদ হেল্পলাইন অথবা জাতীয় ট্রেন অনুসন্ধান ব্যবস্থার সাহায্য নিতে অনুরোধ করেছে উত্তর রেল।

Leave a Comment