গোকুলনগরের কালীমন্দিরে চুরি, লুট অলংকার-টাকা

প্রগতি ত্রিপুরা,১৭ নভেম্বর : মন্দিরের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। গভীর রাতে গোকুলনগরের একটি কালীমন্দিরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মন্দিরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে মা কালীর প্রতিমায় থাকা স্বর্ণ ও রৌপ্যালঙ্কার এবং দানবাক্সের নগদ টাকা নিয়ে পালিয়েছে চোরের দল বলে অভিযোগ। মঙ্গলবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোকুলনগর রাস্তার মাতা এলাকার বাসিন্দা পারুল দাসের উদ্যোগে প্রায় ১৫ থেকে ২০ বছর আগে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় পারুল দাস মন্দিরে পুজো-অর্চনা শেষে দরজায় তালা লাগিয়ে চাবি নির্দিষ্ট স্থানে রেখে বাড়ি ফিরে যান। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে মন্দিরের দরজা খোলা দেখতে পান তিনি। ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ে প্রতিমার সমস্ত অলংকার উধাও। মন্দিরের ভিতরের জিনিসপত্রও এলোমেলো অবস্থায় পড়ে ছিল।

পারুল দাসের দেওয়া তথ্য অনুযায়ী, চোরেরা মা কালীর নাকের প্রায় দশ আনা ওজনের স্বর্ণের নথ এবং চাঁদের আকৃতির একটি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। পাশাপাশি মায়ের পায়ের নূপুরসহ প্রায় তিন ভরি রুপোর গয়নাও চুরি হয়েছে। শুধু তাই নয়, মন্দিরের দানবাক্স ভেঙে প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা নিয়ে যায় দুষ্কৃতীরা। ভাঙা দানবাক্সটি পরবর্তীতে রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়।

দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত এই মন্দিরে অতীতে এমন চুরির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। ফলে রাতের অন্ধকারে এই দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনার পর বিশালগড় থানায় খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। এখন দেখার বিষয়, পুলিশ তদন্তের মাধ্যমে চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে চুরি যাওয়া অলংকার ও টাকা উদ্ধার করতে পারে কি না।

Leave a Comment