প্রগতি ত্রিপুরা, ১৭ নভেম্বর, ২০২৬:: মুখ্যমন্ত্রীর কর্মসূচিকে কেন্দ্র করে খোয়াই শহরের ব্যস্ততম সুভাষ পার্ক বাজার এলাকায় প্রধান সড়কের একাংশ বন্ধ করে মঞ্চ নির্মাণের ঘটনাকে ঘিরে দেখা দিয়েছে বিতর্ক। গত দুই দিন ধরে নেতাজি মূর্তির সংলগ্ন এলাকায় চলছে এই নির্মাণকাজ। এর ফলে যান চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের একাংশের বক্তব্য, নৃপেন চক্রবর্তী ময়দানের সামনে মোহর মঞ্চের মতো বিকল্প ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন শহরের ব্যস্ততম বাজার এলাকার প্রধান সড়ক বন্ধ করে অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁদের দাবি, রাস্তা বন্ধ থাকায় ক্রেতা-বিক্রেতাদের যাতায়াতে অসুবিধা হচ্ছে এবং স্বাভাবিক ব্যবসায়িক কর্মকাণ্ডও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জানা গেছে, আজ খোয়াইয়ে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার নির্ধারিত কর্মসূচিকে সামনে রেখেই এই মঞ্চ নির্মাণ করা হচ্ছে। তবে জনবহুল বাজার এলাকায় এভাবে সড়ক বন্ধ করে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন খোয়াইয়ের সিপিআই(এম) বিধায়ক নির্মল বিশ্বাস। তাঁর সঙ্গে প্রতিবাদে সরব হয়েছেন আরও কয়েকজন।
প্রতিবাদীদের দাবি, জনসাধারণের চলাচল ও ব্যবসা-বাণিজ্যের কথা বিবেচনা করে অবিলম্বে বন্ধ থাকা সড়ক খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। সরকারি বা রাজনৈতিক কর্মসূচির কারণে সাধারণ মানুষকে অযথা ভোগান্তির মধ্যে ফেলা উচিত নয় বলেও মত প্রকাশ করেছেন তাঁরা।
উল্লেখ্য, আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ের রাজনৈতিক পরিস্থিতি ইতিমধ্যেই যথেষ্ট সরগরম। তারই মধ্যে মুখ্যমন্ত্রীর কর্মসূচিকে ঘিরে প্রধান সড়ক বন্ধ করে মঞ্চ নির্মাণের বিষয়টি নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।








