প্রগতি ত্রিপুরা, ১৭ নভেম্বর, ২০২৬:: আগরতলা পুর নিগমের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ৩৬ নম্বর ওয়ার্ডে বিজেপির মনোনীত প্রার্থী নিতু দে গুহর সমর্থনে প্রচারে নামলেন দলের নেতৃত্ব। বর্ডার জয়পুর এলাকায় আয়োজিত জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক দীপক মজুমদার, বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়সহ দলের অন্যান্য নেতা, জনপ্রতিনিধি ও কর্মী-সমর্থকরা।
প্রচারের সময় বিজেপি প্রদেশ সভাপতি দাবি করেন, গত পাঁচ থেকে সাত বছরে বিরোধী দলগুলির নেতারা সাধারণ মানুষের কাছে পৌঁছাননি এবং ওয়ার্ডগুলির বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখার ক্ষেত্রেও তাঁদের তেমন উদ্যোগ দেখা যায়নি। অন্যদিকে, তাঁদের বক্তব্য, এই সময়ের মধ্যে ৩৬ নম্বর ওয়ার্ডসহ আগরতলা পুর নিগমের বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ হয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদের ধর্না কর্মসূচির সমালোচনা করে এক সভাপতি অভিষেক দেব রায় একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কর্মসূচি বলে মন্তব্য করেন। তাঁর অভিযোগ, নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকেই সিপিআই(এম) ও কংগ্রেস সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তবে জনগণ বিরোধীদের এই প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে বলেও দাবি করেন তিনি।
এদিকে, ৩৬ নম্বর ওয়ার্ড পরিদর্শন করে প্রদেশ বিজেপি সভাপতি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় দলের জনসমর্থন নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তাঁর কথায়, এই ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে কথা বলে এবং তাঁদের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে তিনি আশাবাদী। তিনি জানান, অতীতে এলাকার বহু রাস্তা কাঁচা ছিল এবং বর্ষার সময় চলাচলে ব্যাপক সমস্যা হতো। বর্তমানে সেই রাস্তাগুলির অনেকগুলিতে সিসি রোড নির্মাণ করা হয়েছে। পাশাপাশি পানীয় জলসহ বিভিন্ন মৌলিক পরিষেবার ক্ষেত্রেও উন্নয়ন হয়েছে বলে তিনি দাবি করেন।
মেয়র তথা স্থানীয় নেতৃত্বের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, জনপ্রতিনিধিদের ধারাবাহিক প্রচেষ্টায় এলাকায় উন্নয়নের কাজ এগিয়েছে। সাধারণ মানুষের এই সাড়া আগামী নির্বাচনে বিজেপির পক্ষে ইতিবাচক ফল আনবে বলেও তাঁর আশা। ৩৬ নম্বর ওয়ার্ডে বিজেপি ৯০ শতাংশের বেশি ভোট পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি আরো দাবি করেন, আগের নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণ ও উৎসাহ অনেকটাই বেড়েছে। আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের কাজের প্রতিফলন ঘটেছে বলেও তাঁদের বক্তব্য। পাশাপাশি পুর নিগমের ৫১টি আসনেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেন তাঁরা।








