অনলাইন ডেস্ক, ১৬ নভেম্বর, ২০২৬: গতকাল খোয়াইয়ের ধলাবিলের টি গার্ডেন উচ্চবিদ্যালয় মাঠে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী এবং জনজাতীয় গৌরব দিবস উদযাপিত হয়েছে। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি ভগবান বিরসা মুন্ডার জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে বিধায়ক পিনাকী দাস চৌধুরী ভগবান বিরসা মুন্ডার ভাবনা চিন্তাকে পাথেয় করে এগিয়ে যেতে নবীন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক সুব্রত মজুমদার, দিলীপ তাঁতী। স্বাগত বক্তব্য রাখেন খোয়াই জেলার অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য। সভাপতিত্ব করেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় (দত্ত)। অনুষ্ঠানে দুর্গাচৌমুহনি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানু প্রতাপ লোধি, জেলা জনজাতি কল্যাণ আধিকারিক উত্তম দাস বৈষ্ণব প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৬ জন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়। ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের ৫৭ জন ছাত্রছাত্রী অংশ নেন। এছাড়া অনুষ্ঠিত হয় তীরন্দাজি প্রতিযোগিতা। এতে ৩১ জন অংশ নেন। অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এবং বিভিন্ন স্বসহায়ক দলের পক্ষ থেকে ১৬টি স্টল খোলা হয়।








