প্রগতি ত্রিপুরা, ১৪ নভেম্বর, ২০২৬:: চোরের উপদ্রবে অতিষ্ঠ মেলাঘরের ইন্দ্রানগর এলাকার বাসিন্দারা। এবার দুষ্কৃতীদের নিশানায় মোবাইল টাওয়ারের মূল্যবান তামার তার (কপার ওয়্যার)। স্থানীয়দের অভিযোগ, আগরতলার ৮ নম্বর ওয়ার্ডের ইন্দ্রানগর এলাকায় একের পর এক চুরির ঘটনায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি কোনওটাই চোরের হাত থেকে রেহাই পাচ্ছে না।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার নদীর জলের পাম্প হাউস থেকে শুরু করে মোবাইল টাওয়ার পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকাঠামোর তামার তার কেটে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। এর ফলে দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে রয়েছে পাম্প হাউসটি। অন্যদিকে, মোবাইল টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট পরিষেবাও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ।
বাসিন্দাদের দাবি, এর আগেও মোবাইল টাওয়ার থেকে তেল চুরির ঘটনা ঘটেছিল। চুরি রুখতে টাওয়ারের বিভিন্ন অংশ ওয়েল্ডিং করে বন্ধ করে দেওয়া হলেও তাতেও শেষরক্ষা হয়নি। ফের তামার তার চুরি করে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। চুরি করা তামার তার গলিয়ে বাজারে বিক্রি করাই এই চক্রের উদ্দেশ্য বলে সন্দেহ স্থানীয়দের।
শুধু সরকারি পরিকাঠামো নয়, সাধারণ মানুষের বাড়িঘরও চোরের হাত থেকে নিরাপদ নয় বলে অভিযোগ। সুপারি গাছ, জলের বালতি-সহ বাড়ির বিভিন্ন সামগ্রীও চুরি হয়ে যাচ্ছে। স্থানীয়দের আরও অভিযোগ, এলাকায় ইয়াবা ট্যাবলেট-সহ বিভিন্ন নেশাদ্রব্যের প্রতি আসক্ত কিছু যুবকের আনাগোনা ও উপদ্রব বৃদ্ধি পাওয়ায় চুরির ঘটনাও বাড়ছে।
একের পর এক চুরির ঘটনায় ক্ষোভে ফুঁসছেন ইন্দ্রানগরের বাসিন্দারা। তাঁদের দাবি, অবিলম্বে পুলিশ ও প্রশাসনকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং এলাকায় নজরদারি বাড়িয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্রুত কার্যকর পদক্ষেপ না করা হলে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।








