আকাশ বাজি উড়ে এসে পড়লো বিদ্যুতের ১৩২ কেভি পাওয়ার স্টেশনে! অল্পেতে রক্ষা পেলো তেলিয়ামুড়া গামাইবাড়িস্থিত বিদ্যুৎ অফিস!!

প্রগতি ত্রিপুরা, ১৪ নভেম্বর, ২০২৬:: আকাশ প্রদীপের উন্মাদনায় ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা! অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বিদ্যুৎ দপ্তরের গোটা পাওয়ার স্টেশন! উৎসবের নামে অসতর্কতার মাশুল গুনতে হচ্ছে সাধারন মানুষকে।উৎসবের আনন্দ কি এবার বিপদের কারণ হয়ে দাঁড়াবে? সামান্য অসতর্কতায় যে কত বড় বিপর্যয় নেমে আসতে পারে, তারই এক ভয়াবহ দৃষ্টান্ত উঠে এলো তেলিয়ামুড়ায়। আকাশ প্রদীপ উড়ানোর জেরে কার্যত বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল গোটা তেলিয়ামুড়ায় বিদ্যুৎ সরবরাহকারী ৩৩২ কে.বি গামাইবাড়ি পাওয়ার সাব স্টেশনটি।

ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাতে আকাশ থেকে একটি আকাশ প্রদীপ উড়ে এসে তেলিয়ামুড়া মহকুমার গামাইবাড়ি এলাকায় স্থিত ৩৩২ কে.বি পাওয়ার সাব স্টেশনটির তারে পরে এবং পরবর্তীতে দুর্ভাগ্যজনকভাবে সেই আকাশ প্রদীপটি গিয়ে আটকে পড়ে গামাইবাড়িস্থিত তেলিয়ামুড়া মহকুমার বিদ্যুৎ সরবরাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৩২ কেভি সাবস্টেশনের একটি ট্রান্সফরমারে। আর তাতেই ঘটে বিপত্তি! সাবস্টেশনের অভ্যন্তরে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়ে আগুনে পুড়ে যায়। বিকল হয়ে পরে বিদ্যুৎ ব্যবস্থা এবং মুহূর্তের মধ্যেই দেখা দেয় গোটা তেলিয়ামুড়ায় বিদ্যুৎ বিভ্রাট। প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা অন্ধকারে ডুবে থাকে গোটা তেলিয়ামুড়া মহকুমা।

প্রশ্ন উঠছে, সামান্য কয়েক মুহূর্তের আনন্দের জন্য এভাবে কি হাজার হাজার মানুষের জীবন ও সম্পত্তিকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া যায়? আকাশ প্রদীপ কোথায় গিয়ে পড়বে, তা কারও জানা নেই। আর যদি সেটি আরও ভয়াবহ কোনো দুর্ঘটনার জন্ম দিত, তাহলে তার দায়ভার কে নিত?

যদিও, এই পরিস্থিতিতে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের তৎপরতা ও সময়োচিত পদক্ষেপে বড়সড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পায় এই পাওয়ার স্টেশনটি। তবে এই ঘটনা নিছক একটি বিদ্যুৎ বিভ্রাট নয়, বরং গোটা এলাকার নিরাপত্তা ব্যবস্থার জন্য এক বড়সড় সতর্কবার্তা।

এদিন, গামাইবাড়ি সাবস্টেশনে কর্মরত এক বিদ্যুৎকর্মী আকাশ প্রদীপ ও বাজি-পটকা ব্যবহারের ক্ষেত্রে সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও আকাশ প্রদীপসহ বিপজ্জনক আতশবাজি নিষিদ্ধ করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানান তিনি।

এখনই কি প্রশাসনের টনক নড়বে, নাকি আরও বড় কোনও দুর্ঘটনার অপেক্ষায় থাকতে হবে? উৎসবের আনন্দ অবশ্যই থাকুক, কিন্তু সেই আনন্দ যেন কখনও সাধারণ মানুষের জীবনের ঝুঁকির কারণ না হয়ে দাঁড়ায়।।

Leave a Comment