রায়পুর, ১৪ নভেম্বর : মহাদেব বেটিং অ্যাপের অন্যতম প্রোমোটার সৌরভ চন্দ্রকরের গ্রেফতারির পর তদন্তে গতি বাড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শুক্রবার রায়পুরের সমতা কলোনিতে এই মামলার অভিযুক্ত মোহিত সোমানির বাড়িতে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। প্রায় ছ’জনের একটি দল তাঁর বাড়িতে পৌঁছে প্রায় এক ঘণ্টা ধরে তল্লাশি চালায়। পরে সেখান থেকে ফিরে যায়।
তদন্তে মহাদেব বেটিং চক্রের অপারেটর হিসেবে মোহিত সোমানির নাম উঠে এসেছে। অভিযোগ, তিনি ‘মহাদেব ৩৬৪’ প্যানেল পরিচালনা করতেন। প্রোমোটার সৌরভ চন্দ্রকরের কাছ থেকে আইডি নিয়ে তা অন্যদের কাছে বিক্রি করার সঙ্গেও তাঁর যোগ থাকতে পারে বলে তদন্তকারীদের সন্দেহ।
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বর মাসে কলকাতার নিউ টাউন এলাকা থেকে মোহিত সোমানিকে গ্রেফতার করেছিল রায়পুর পুলিশ। তদন্তে তাঁর সঙ্গে মহাদেব বেটিং নেটওয়ার্কের যোগের কথা সামনে আসে। অভিযোগ, প্যানেলের মাধ্যমে তিনি বেআইনি অনলাইন বেটিংয়ের কারবার চালাতেন। বর্তমানে তিনি রায়গড় জেলে বন্দি রয়েছেন।
সৌরভ চন্দ্রকরের গ্রেফতারি এবং ভারতে ফেরার পর রায়পুরে সিবিআইয়ের এই অভিযানকে তদন্তের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে শুক্রবারের তল্লাশিতে কোনও নথি বা অন্য সামগ্রী উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।








