প্রগতি ত্রিপুরা, ১৩ নভেম্বর, ২০২৬: আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে আগরতলা শহরজুড়ে জোরকদমে চলছে নির্বাচনী প্রচার। প্রতিটি ওয়ার্ডে ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা। এরই মধ্যে ১৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী পিনাকী চক্রবর্তীর নির্বাচনী প্রচারে বিশেষ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। তাঁর প্রচারে সামিল হন আগরতলার মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
প্রচার চলাকালীন প্রার্থী ও দলীয় নেতৃত্ব এলাকার বাসিন্দাদের সামনে গত পাঁচ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত আগরতলা শহরের পরিকাঠামো ও নাগরিক পরিষেবার উন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে দাবি করেন তাঁরা। পাশাপাশি আগামী দিনেও উন্নয়নের এই ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
এদিনের জনসংযোগ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। দলীয় কর্মী-সমর্থকদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। একজন তরুণ প্রার্থী হিসেবে পিনাকী চক্রবর্তীকে ঘিরে এলাকার ভোটারদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের।
এলাকার সার্বিক উন্নয়ন এবং নাগরিক পরিষেবার ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে পিনাকী চক্রবর্তীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান দীপক মজুমদার-সহ উপস্থিত রাজনৈতিক নেতৃত্ব। সব মিলিয়ে ১৬ নম্বর ওয়ার্ডে বিজেপির নির্বাচনী প্রচারকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমশ জোরদার হচ্ছে।








