আইসিটি কম্পিউটার শিক্ষার বেহাল দশা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে শিক্ষকদের মিছিল

প্রগতি ত্রিপুরা, ১৩ নভেম্বর, ২০২৬: রাজ্যের স্কুলগুলিতে আইসিটি কম্পিউটার শিক্ষার পরিকাঠামো ও পরিষেবা নিয়ে অসন্তোষ ক্রমশ বাড়ছে। একদিকে যথাযথ কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ছাত্রছাত্রীরা, অন্যদিকে কর্মরত শিক্ষক-প্রশিক্ষকদের ভবিষ্যৎও অনিশ্চয়তার মুখে।

এই পরিস্থিতিতে সমস্যার স্থায়ী সমাধান এবং মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের দাবিতে শুক্রবার রবীন্দ্র ভবনের সামনে থেকে মিছিল বের করল অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ।

সংগঠনের সাধারণ সম্পাদক শুভঙ্কর রায় জানান, গত ২৯ অক্টোবর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি শিক্ষা সচিব ও স্টেট প্রজেক্ট ডিরেক্টরের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছিল। পরবর্তীতে ৪ নভেম্বর প্রতিটি জেলার জেলাশাসকের মাধ্যমেও মুখ্যমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি পাঠানো হয়। কিন্তু এত কিছুর পরও সমস্যার কোনও কার্যকর সমাধান হয়নি বলে অভিযোগ করেন তিনি।

শুভঙ্কর রায় আরও জানান, তাঁরা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিরোধী নন। বরং রাজ্যের শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নই তাঁদের লক্ষ্য। তাই স্কুলগুলিতে আইসিটি কম্পিউটার শিক্ষা চালু রাখা, শিক্ষক-প্রশিক্ষকদের কর্মসংস্থানের নিশ্চয়তা এবং এই শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য ও হস্তক্ষেপ দাবি করছেন তাঁরা।

সমস্যার সমাধান না হলে একযোগে পদত্যাগ করতেও প্রস্তুত বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক।
এদিনের মিছিলে অল ইন্ডিয়া বিএমএসের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের পাশাপাশি ত্রিপুরা ঠিকা মজদুর সংঘের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়। এখন দেখার, রাজ্যের স্কুলগুলিতে আইসিটি কম্পিউটার শিক্ষার ভবিষ্যৎ এবং সংশ্লিষ্ট শিক্ষক-প্রশিক্ষকদের কর্মসংস্থানের অনিশ্চয়তা দূর করতে রাজ্য সরকার কী পদক্ষেপ গ্রহণ করে।

 

Leave a Comment