কলকাতা, ১৩ নভেম্বর :পরিবহণ শিল্পের মূলত গাড়িচালকদের নেতৃত্বেই শুক্রবার কলকাতা শহর জুড়ে ১৬ দফা দাবিতে মৌলালি থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত পথ পরিক্রমার কর্মসূচি নেওয়া হয়েছে। ‘ইন্ডাস্ট্রিয়াল ইউনিট অফ ভারতীয় মজদুর সঙ্ঘ’-এর উদ্যোগে ‘ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসঙ্ঘ’ এই কর্মসূচির ডাক দিয়েছে। সংগঠনের আহ্বায়ক গৌতম দাস বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। এদিনের সাংবাদিক সম্মেলনে সহ-আহ্বায়ক বিশ্বরঞ্জন দত্তও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বেসরকারি পরিবহণ ক্ষেত্রে অগ্রণী ভূমিকায় রয়েছেন গাড়িচালকেরা। তাঁদের অধিকার রক্ষার লড়াইয়ে শামিল হওয়ার জন্য সর্বস্তরে আহ্বান জানানো হয়েছে। কেন্দ্র ও রাজ্য—উভয় স্তরেই এই অভিযানের ডাক দেওয়া হয়েছে।
সংগঠনের বক্তব্য অনুযায়ী, চালকদের কল্যাণে পৃথক উন্নয়ন বোর্ড গড়ে তোলা এবং কনসেশন রেট-সহ বেসরকারি পরিবহণের জন্য বার্ষিক টোল ট্যাক্স নীতি চালু করা জরুরি। এছাড়াও টোটো ও অটোর ওপর বিশেষ নজর দেওয়া, প্রতি ৫০ কিলোমিটার দূরত্বের ব্যবধানে চালকদের বিশ্রাম-সহ ন্যূনতম পরিষেবা প্রদান এবং জাতীয় সড়কে চলাচলকারী গাড়িচালকদের নাগরিক হিসেবে ভোটাধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে পোস্টাল ব্যালট চালু করার সমর্থনে জোরদার দাবি তোলা হয়েছে। এই সমস্ত দাবিতেই ভারতীয় মজদুর সঙ্ঘ আগামী ১৯ নভেম্বর ‘চলো দিল্লি – চলো রামলীলা ময়দান’ কর্মসূচিরও ডাক দিয়েছে।








