তফাজ্জল হোসেনকে শোকজ বিজেপির, সাত দিনের মধ্যে জবাব তলব

অনলাইন ডেস্ক, ১২ নভেম্বর, ২০২৬: জনজাতি সম্প্রদায়ের মানুষের খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা নিয়ে বিতর্কিত মন্তব্য এবং মুখ্যমন্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জড়িয়ে কল্পনাপ্রসূত বক্তব্য দেওয়ার অভিযোগে দলীয় শৃঙ্খলার মুখে পড়লেন বক্সনগরের বিজেপি বিধায়ক তফাজ্জল হোসেন। তাঁর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে প্রদেশ বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে লিখিতভাবে নিজের বক্তব্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেন দলীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তারও ব্যাখ্যা চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার প্রদেশ বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক তাপস ভট্টাচার্য এই নোটিশ জারি করেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিধায়কের বক্তব্য দলীয় নেতৃত্বের নজরে আসার পরই এই সাংগঠনিক পদক্ষেপ বলে জানা গেছে।

নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট ভিডিওতে তফাজ্জল হোসেনকে জনজাতি সম্প্রদায়ের মানুষের খাদ্যাভ্যাস ও দৈনন্দিন জীবনযাত্রা সম্পর্কে আপত্তিকর এবং অবমাননাকর মন্তব্য করতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত প্রচারের বিষয়টিও দলীয় নেতৃত্বের নজরে এসেছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের বক্তব্য ও আচরণ প্রত্যাশিত নয় বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটির মতে, এই ধরনের বক্তব্য রাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ তৈরি করতে পারে। বহুজাতিক ও বহুভাষিক ত্রিপুরায় সামাজিক সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা অত্যন্ত জরুরি। সেই জায়গায় একজন জনপ্রতিনিধির বক্তব্যকে কেন্দ্র করে কোনও সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভ বা অপমানবোধ তৈরি হওয়া দলীয় নেতৃত্বের কাছে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

নির্ধারিত সাত দিনের মধ্যে বিধায়ককে তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে। তাঁর জবাব পর্যালোচনা করার পরই পরবর্তী সাংগঠনিক পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেবে দল। ফলে আপাতত তফাজ্জল হোসেনের লিখিত বক্তব্যের দিকেই তাকিয়ে রয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব।

এদিকে, এই বিতর্ককে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে উত্তেজনা তৈরি হয়েছে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তিপ্রা মথার মহিলা সংগঠন ত্রিপুরা ওমেন ফেডারেশনও তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে সরব হয়েছে। পাশাপাশি কয়েকটি রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বিধায়কের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে বলেও জানা গেছে।

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জানিয়েছিলেন, বিষয়টি দলীয়ভাবে বিবেচনা করা হবে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই প্রদেশ বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে শোকজ নোটিশ জারি হওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

অন্যদিকে, আসন্ন পুর ও নগর নির্বাচনকে সামনে রেখে এই বিতর্ক শাসক দলের কাছে বাড়তি রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিশেষ করে জনজাতি সম্প্রদায়কে ঘিরে ওঠা অভিযোগের প্রেক্ষিতে দলের অবস্থান ও সাংগঠনিক পদক্ষেপ কতটা কার্যকর হয়, তা নিয়েও আলোচনা চলছে।

তবে শোকজ নোটিশ জারি হওয়াকে চূড়ান্ত শাস্তিমূলক সিদ্ধান্ত হিসেবে দেখার অবকাশ নেই। বিধায়কের বক্তব্য শোনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর জবাবে দল সন্তুষ্ট হয়, নাকি আরও কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে, এখন সেটাই দেখার।

Leave a Comment