পুকুর থেকে উদ্ধার সদ্যোজাত শিশুপুত্রের মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়

প্রগতি ত্রিপুরা, ১২ নভেম্বর, ২০২৬: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার শ্রীনগর শীতলাবাড়ি এলাকার ঘোষপাড়ার ১ নম্বর ওয়ার্ডে পুকুর থেকে এক সদ্যোজাত পুত্রসন্তানের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পাশাপাশি ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা নাগাদ এলাকার একটি পুকুরের জলে শিশুটির মৃতদেহ ভেসে থাকতে দেখেন বাসিন্দারা। প্রথমে দূর থেকে সেটিকে পুতুল কিংবা অন্য কোনও বস্তু বলে মনে হলেও, কাছে গিয়ে তাঁরা বুঝতে পারেন সেটি একটি সদ্যোজাত শিশুর দেহ। মুহূর্তের মধ্যেই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শ্রীনগর আউটপোস্টের পুলিশ। ডিউটি অফিসার স্বপন মল্ল সংবাদমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ফরেনসিক দলকেও ডেকে পাঠানো হয়েছে।

কীভাবে ওই সদ্যোজাত শিশুর মৃত্যু হল, কে বা কারা শিশুটিকে পুকুরে ফেলে গেল এবং এর পিছনে কোনও অপরাধমূলক ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। লোকলজ্জার ভয় কিংবা অন্য কোনও কারণে এই ঘটনা ঘটানো হয়েছে কি না, সেই সম্ভাবনাও তদন্তের আওতায় রয়েছে।

এদিকে, এমন অমানবিক ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। গোটা ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে এলাকাজুড়ে।

পুকুর থেকে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধারের এই ঘটনায় একাধিক প্রশ্নের সৃষ্টি হয়েছে। এখন পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।

 

Leave a Comment